ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর-১ এর মুক্তিযোদ্ধা মার্কেট ও হাজারীবাগের কোম্পানীঘাটে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুপুর ১টা ৫৭ মিনিটে মিরপুর এক নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের নীচতলার একটি দোকানে আগুন লাগে। শনিবার মার্কেট বন্ধ থাকায় এ সময়ে সেখানে লোকজন ছিল না।
খবর পেয়ে মিরপুর ও মোহাম্মদপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এর মধ্যে আগুন পাশ্ববর্তী আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেট বন্ধ থাকার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ভেতরে ঢুকতে বেশ অসুবিধা হয়। পরে একটি ইউনিট মার্কেটের পেছন দিক থেকে ভেতরে ঢুকে।
বিকাল সোয়া তিনটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আমিরুল ইসলাম জানান, নীচতলার এই মার্কেটে স্বর্ণ, কাপড় ও ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। আগুনে এর বেশিরভাগ পুড়ে গেছে।
এ রিপোর্ট লেখার পর্যন্ত ডাম্পিং (ছাইয়ের ভেতরে লুকিয়ে থাকা আগুন নিভানো) এর কাজ করছিল ফায়ার সার্ভিস।
এদিকে হাজারীবাগে আগুনে একটি পারফিউম কোম্পানীর ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর একটায় কোম্পানীঘাটের ৪৮/৩ ভাগলপুর লেনে নুর ইসলাম পারভেজের গোডাউনে আগুন লাগে। এখানে ইমেক্সিং কেমিং কোম্পানী নামে একটি পারফিউম তৈরীর প্রতিষ্ঠান ছিল। নীচতলার গোডাইন ও দোতলার কিছুটা আগুনে ক্ষতিগ্রস্থ হয়। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।
তিনি জানান, পলাশী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেছে কোম্পানীর মালিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/১৬২০ঘ.
bdnews24