২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে জরুরি ও বহির্বিভাগ আবার চালু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার পর শনিবার সকাল ১০টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টার্নি ডাক্তাররা। সকাল ১০টা থেকেই জরুরি ও বহির্বিভাগ আবার চালু হয়েছে। এর ফলে প্রায় ১০ ঘন্টা পর রোগীদের ভোগান্তির অবসান হলো। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার পর শনিবার সকাল ১০টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টার্নি ডাক্তাররা। সকাল ১০টা থেকেই জরুরি ও বহির্বিভাগ আবার চালু হয়েছে। এর ফলে প্রায় ১০ ঘন্টা পর রোগীদের ভোগান্তির অবসান হলো। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইন্টার্নি ডাক্তাররা হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে দেয় এবং পরিচালককে তার কক্ষে আটকে রাখলে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। সকালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে সকালে ঢামেক মিলনায়তনে ইন্টার্নি ডাক্তারদের বৈঠকের পর এই অচলাবস্থার অবসান ঘটে। এদিকে মেডিকেল কলেজের ঘটনায় ইমরানের স্ত্রী সানজানা লতিফ ত্রপা এবং তার ভাই এহসান লতিফ রুপমকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল ১১টার দিকে রামপুরা এলাকায় রাস্তা অবরোধ করে এলাকাবাসী। পরে ত্রপাকে ছেড়ে দেয়ার খবর পেয়ে ঘণ্টাখানেক পর তারা অবরোধ তুলে নেয়। তবে তার ভাই এহসান লতিফ রুপমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ত্রপা ও তার ভাইকে গ্রেপ্তারের প্রতিবাদে রামপুরায় টেলিভিশন ভবন ও রামপুরা কাঁচাবাজারের মাঝামাঝি স্থানে সকাল ১১টা থেকে সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘণ্টাখানেক পর ত্রপাকে ছড়ে দেওয়ার খবর পেয়ে তারা অবরোধ তুলে নেয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস শহিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সকাল ১০টা থেকে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ খুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী , স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক শাহ মনির হোসেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মালিবাগের ব্যবসায়ী শাহ ইমরানের মৃত্যুকে কেন্দ্রে করে শুক্রবার ডাক্তারের উপর তার স্বজনদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইমরানের ত্রপা ও তার ভাইকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার জানান, শনিবার দুপুরে মানবিক কারণে ত্রপাকে ছেড়ে দিয়ে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "মানবিক কারণে ত্রপাকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।" ত্রপা ও ইমরান দম্পতির অরিত্র নামের সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু গভীর রাতে জানান, ইন্টার্নি ডাক্তাররা মধ্যরাতে হাসপাতালের জরুরি গেট বন্ধ করে দেয়। তারা হাসপাতালের পরিচালককে আটকে রাখে। এ অবস্থায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতালে ডাক্তার ও নার্সের উপর হামলার ঘটনায় ইন্টার্নি ডাক্তারদের দাবির প্রেক্ষিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস শহিদ খান ইমরানের স্ত্রী ত্রপা এবং ত্রপার ভাই রুপমকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০/১২ জনের কথা উল্লেখ রয়েছে। মামলায় অভিযোগ করা হয়, এ দুজনসহ ১০/১২ জন ইন্টার্নি ডাক্তার তানিয়া শারমিন এবং সহকারি নার্স আব্দুর রশিদ পাটোয়ারির ওপর হামলা চালিয়েছে। গ্রেপ্তার হওয়া রুপম শনিবার সকালে শাহবাগ থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"হাসপাতালে আমার ভগ্নিপতি ইমরানকে দেখতে যাওয়া আত্মীয়স্বজনকে ইন্টার্নি ডাক্তাররা জিম্মি করে রেখে আমাকে এবং ত্রপাকে বাসা থেকে হাসপাতালে আনতে বাধ্য করে। পরে আমাদের দুই ভাই বোনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।" রুপম জানন, চিকিৎসকের অবহেলার কারণে ইমরানের মৃত্যুর পর ত্রপা তার স্বামীর লাশ দেখতে চেয়েছিল। তাকে তা দেখতে দেওয়া হয়নি। একারণে সে ডাক্তারকে সরে যেতে বলেছিল। "এটাই কি তার অন্যায় ছিল?" তিনি প্রশ্ন রাখেন। রুপম অভিযোগ করেন, ইমরানকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন সে কথা বলেছিল । আমার হাত ধরে বাঁচার আকুতি জানিয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার ৪/৫ মিনিটের মধ্যে তার লাশ উপহার দেওয়া হল। রুপমের বাবা এনামুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, তার মেয়ে ত্রপার সাত মাস বয়সের অরিত্র নামে একটি শিশু সন্তান আছে। এই দুগ্ধপোষ্য শিশুটিকে পর্যন্ত গভীর রাতে থানায় নিয়ে আসা হয়। এক দিকে স্বামীর লাশ, তার ওপর আবার কোলে শিশু সন্তান । এই অবস্থায় তাকে গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ অমানবিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তার চিকিৎসক নেতা সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাতে রোগীর আত্মীয়স্বজন কর্তব্যরত ডাক্তার এবং একজন সহকারি নার্সকে মারধর করার পর ইন্টার্নি ডাক্তাররা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং কাজ বন্ধ করে দেয়। "এরপরই আমাদের পক্ষ থেকে পরিচালককে অপসারণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়। এনিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে শনিবার বৈঠক হয়। বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে ইন্টার্নি ডাক্তাররা কাজ শুরু করে।" সাইদুল ইসলাম জানান, পরিচালক এর আগেও ইন্টার্নি ডাক্তারদের নিরাপত্তা দিতে পারেননি। এছাড়া তিনি রোগীর পক্ষ নিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের ব্যবস্থা করতে চেয়েছিলেন। এসব কারণে তার অপসারণের দাবি জানানো হয়। তবে এ বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আমাদের বৈঠক হবে। নিহত ব্যবসায়ীর আত্মীয়-স্বজনের হামলায় আহত ডাক্তার বা সহকারি নার্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কিনা জানতে চাইলে সাইদুল বলেন,"না তারা কোন চিকিৎসা নিচ্ছেন না। তাদেরকে মারধরের চেয়ে গালাগালই বেশি করা হয়েছে।" ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালিবাগ আল আমিন সুপার মার্কেটের পাশে পাইকারি পণ্য সরবরাহ ব্যবসায়ী শাহ ইমরান ৪/৫ জন ব্যবসায়ীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ তলা মার্কেটের ছাদের একাংশ ধ্বসে পড়লে শাহ ইমরান এর নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রায় ১০ মিনিট পর তিনি মারা যান। এরপর শাহ ইমরানের আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা চিকিৎসকের অবহেলার কারনে শাহ ইমরান মারা গেছেন- এ অভিযোগ করে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে হাসপাতালের মূল গেটে তালা দেখে শনিবার সকালে আসা অনেক রোগী ফিরে গেছেন। তাদেরকে মিটফোর্ড হাসপাতাল বা কোন প্রাইভেট ক্লিনিকে যাওয়ার জন্য হাসপাতালের গেটে থাকা কর্মচারীরা বলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/এলএইচ/কিউএইচ/এইচএ/এইচএ/১৬২০ঘ.