২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে অচলাবস্থার অবসান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার পর শনিবার সকাল ১০টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টার্নি ডাক্তাররা। সকাল ১০টা থেকে জরুরী ও বহির্বিভাগ আবার চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 05:25 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার পর শনিবার সকাল ১০টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টার্নি ডাক্তাররা। সকাল ১০টা থেকে জরুরী ও বহির্বিভাগ আবার চালু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে সকালে ঢামেক মিলনায়তনে ইন্টার্নি ডাক্তারদের বৈঠকের পরে এই অচলাবস্থার অবসান ঘটে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মালিবাগের ব্যবসায়ী শাহ ইমরানের মৃত্যুকে কেন্দ্রে করে ডাক্তারের উপর তার স্বজনদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুশি ইমরানের স্ত্রী ত্রপা ও তার শ্যালককে গ্রেপ্তার করে। এদিকে এঘটনার পর ইন্টার্নি ডাক্তাররা শুক্রবার গভীর রাত থেকে রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু জানান, ইন্টার্নি ডাক্তাররা মধ্যরাতে হাসপাতালের জরুরি গেইট বন্ধ করে দেয়। তারা হাসপাতালের পরিচালককে আটকে রাখে। এ অবস্থায় রোগীরা চরম দুর্ভোগ পোহায়। তাদের দাবির প্রেক্ষিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস শহিদ খান রোগীর স্বজনদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শাহ ইমরানের আত্মীয় স্বজনরা ইন্টার্নি ডাক্তার তানিয়া শারমিনের ওপর হামলা চালিয়েছে। ইমরানের স্বজনরা অভিযোগ করছেন ডাক্তারদের অবহেলার কারনেই তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মালিবাগ আল আমিন সুপার মার্কেটের পাশে পাইকারি পণ্য সরবরাহ ব্যবসায়ী শাহ ইমরান ৪/৫ জন ব্যবসায়ীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ তলা মার্কেটের ছাদের একাংশ ধ্বসে পড়লে শাহ ইমরান এর নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রায় ১০ মিনিট পর তিনি মারা যান। এরপর শাহ ইমরানের ২৫/৩০ জন আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা চিকিৎসকের অবহেলার কারনে শাহ ইমরান মারা গেছেন- এ অভিযোগ করে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১১২০ ঘ.