রাজবাড়ী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শুক্রবার ভোর ৬টা থেকে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
হঠাৎ করে পড়া ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এবং ঘাটে অপেক্ষমাণ নৈশ কোচসহ দুই শতাধিক যানবাহন দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে।
সকাল ৯টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর যানবাহন পারাপার আবার স্বভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘন কুয়াশায় খুব কাছে থেকেও কোনো কিছু দেখা যাচ্ছিল না। তাই সকাল ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।"
তিনি জানান, যাত্রীবাহী যানগুলো পারাপার স্বাভাবিক হলেও সন্ধ্যা পর্যন্ত দুই শতাধিক মালবাহী ট্রাক ঘাটে আটকে ছিল। অপরদিকে পাটুরিয়া ঘাটেও আরও প্রায় দেড়শত ট্রাক আটকে আছে।
সহকারী মহাব্যবস্থাপক জানান, এ নৌ-রুটে সাতটি ফেরির মধ্যে বর্তমান ছয়টি চালু আছে। একটি ফেরি পাটুরিয়ায় ভ্রাম্যমাণ কারখানায় মেরামত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24