ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সারা দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় সংশোধন করা হচ্ছে। মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করার জন্য জাতীয় সংসদে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদে বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের কার্যদিবসের আলোচনায় নওগাঁ - ৫ আসনের সাংসদ মোঃ আব্দুল জলিল তার জেলার মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের পর ৩৭ বছর কেটে গেলেও এখনো মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরি হয়নি। নওগাঁ জেলারও অবস্থা একই। অনেক অমুক্তিযোদ্ধা সরকারি মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছেন। আবার অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়েছেন তালিকা থেকে।"
এই প্রস্তাবে 'নওগাঁ জেলা' বাদ দিয়ে 'সারা দেশ' অন্তর্ভূক্ত করার জন্য নাটের - ৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলক, পটুয়াখালী - ৪ আসনের সাংসদ মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম - ১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী সংশোধনীর প্রস্তাব দেন। এছাড়াও আরো সাত সাংসদ তাদের জেলার নাম এই প্রস্তাবে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম স্বীকার করেন যে সারাদেশে মুক্তিযোদ্ধা নয়, এমন অনেক ব্যক্তি মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছেন। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও অনেকে সেই তালিকায় স্থান পাননি।
তিনি বলেন, "বিগত জোট সরকারের আমলে ৭০ হাজার মুক্তিযোদ্ধার একটি তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। এরমধ্যে অনেকেই প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এ কারণে শুধু নওগাঁ জেলা নয়, বরং সারাদেশেই মুক্তিযোদ্ধাদের বর্তমান তালিকা সংশোধনের মাধ্যমে ভূয়াদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলছে।"
এ পর্যায়ে স্পিকার আব্দুল হামিদ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে জানতে চান , এ অবস্থায় প্রস্তাবটি গ্রহণ করতে কোনো অসুবিধা আছে কিনা?
জবাবে প্রতিমন্ত্রী জানান যে, "কোনো অসুবিধা নেই। কারণ, সরকার এরই মধ্যে মুক্তিযোদ্ধার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে। এরপর অন্য সদস্যদের সংশোধনী প্রস্তাবসহ সিদ্ধান্ত প্রস্তাবটি ভোটে দেওয়া হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এএনএস/টিআর/০০৪৫ ঘ.
bdnews24