২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা রাখার সুপারিশ

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়ার এখতিয়ার সরকারের হাতে রেখে বিচার বিভাগ পৃথক করা সম্পর্র্কিত বিলটি পাস করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্র্কিত স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়ার এখতিয়ার সরকারের হাতে রেখে বিচার বিভাগ পৃথক করা সম্পর্র্কিত বিলটি পাস করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্র্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের একেবারে শেষদিকে স্থায়ী কমিটির প্রতিবেদনটি উত্থাপন করা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এটি উত্থাপন করেন। এর আগে আইনমন্ত্রী শফিক আহমেদ কয়েকবার বলেছেন, সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাশ হবে। এটি পাশ হলে তা ২০০৭ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে যে কোনো অপরাধের বিচারিক ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের হাতে থাকছে। গত ২ ফেব্র"য়ারির অধিবেশনে দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর (সংশোধন) বিল ২০০৯ উত্থাপন করা হয়। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি নিয়ে কমিটি ৪ দিন বৈঠক করে। দুটি বৈঠকে কমিটির আমন্ত্রণে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্র্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিল সম্পর্কে স্থায়ী কমিটির প্রতিবেদনে কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিচার প্রাপ্তি জনগণের আর্থিক সাধ্যের বাইরে চলে গেছে। কম খরচে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় বিচার বিভাগ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তিনি বিচার বিভাগে কর্মরতদের প্রতি লোভ লালসার ঊর্ধ্বে উঠে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বানও জানান। রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন, নির্বাহী ও বিচার বিভাগকে নিজ নিজ কার্যক্রম স্বাধীন ও স্বতন্ত্রভাবে সম্পাদন করতে হবে বলে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ না করে, পারস্পরিক সৌহার্দ্য, সমঝোতা ও ভারসাম্যের ভিত্তিতে কাজ করতে হবে। স্থায়ী কমিটির সভাপতি আরো বলেন, তারা প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/এসকে/২৩৪৬ঘ.