ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দেশের সরকার পর্যায়ে যোগাযোগের মাধ্যমে কানাডা থেকে গম কিনতে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছেন সফররত কানাডা হুইট বোর্ডের কর্মকর্তারা।
কানাডা হুইট বোর্ডের দুই কর্মকর্তা ডন বনার ও জিংশুন ইন বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।
খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সম গোলাম কিবরিয়া জানান, হুইট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরকারিভাবে গম কেনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কানাডীয় কর্মকর্তারা বলেন, বাংলাদেশে সরকারিভাবে গম কেনার ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়, তা অত্যন্ত 'জটিল ও দীর্ঘসূিত্রতাপূর্ণ'। ফলে তারা বাংলাদেশে সরকারি পর্যায়ের গম ক্রয় প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। এ ব্যবস্থার পরিবর্তে অতি অল্প সময়ে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত জানালে তারা সরকারি ক্রয়ে অংশ নিতে পারবেন।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তাদের বলেন, বিদ্যমান সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে সরকারি ক্রয়ের ক্ষেত্রে কিছুটা সময় লাগে। কিন্তু এতে স্বচ্ছতা রক্ষা করা সম্ভব হয়। কোন একটি বিশেষ মন্ত্রণালয়ের জন্য ভিন্ন কোন প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হয় না বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরাসরি কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করে গম ক্রয় একটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ প্রক্রিয়াতেও স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন উত্থাপনের সুযোগ থাকে। 'স্বচ্ছতা রক্ষার স্বাথের্' তিনি বর্তমান প্রক্রিয়াতেই সরকারি দরপত্রে অংশ নেওয়ার জন্য তাদের পরামর্শ দেন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার কাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১২৭ঘ.
bdnews24