বাগেরহাট, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের খান জাহান আলী (র:) এর মাজারের দীঘির মিঠা পানির প্রজাতির একটি কুমির মারা গেছে। বুধবার সন্ধ্যায় কুমিরটি মরে ভেসে উঠে।
পেটের নাড়িতে ডিম জড়িয়ে কুমিরটির মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে চামড়া ছাড়িয়ে রেখে কুমিরটির দেহাবশেষ মাটিচাপা দেওয়া হয়।
মারা যাওয়া কুমিরটি ভারত থেকে আনা। এর আগে ভারত থেকে আরেকটি কুমির মারা গিয়েছিল।
পশু সম্পদ মন্ত্রণালয় ২০০৫ সালে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে ছয়টি কুমির এনে এ দীঘিতে ছেড়েছিল। পরে দুটি স্থানান্তর করা হয় সুন্দরবনের করমজল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে।
মাজারের অন্যতম খাদেম এবং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ফকির মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে দীঘির পূর্ব দিকে মহিলা ঘাটের কাছে কুমিরটি ছুটোছুটি করছিল। মাজারের খাদেমরা কুমিরটিকে ধরে ডাঙায় তুলতে গেলে সেটি ডুব দিয়ে চলে যায়। পরে সন্ধ্যায় একই স্থানে তার মৃতদেহ ভেসে ওঠে।
প্রবীণ খাদেম আবু ফকির জানান, প্রথম দিকে কুমিরগুলো দীঘির বাইরে খালে চলে যেত। তখন ভারত থেকে আনা একটি কুমিরের মৃত্যু হয়। এমনই এক ঘটনায় এ কুমিরটি গ্রামবাসীর পিটুনির শিকার হয়েছিল। তখন কুমিরটির বামদিকের পা দুটি ভেঙে গিয়েছিল। পরে সুন্দরবন বিভাগের কুমির বিশেষজ্ঞ আব্দুর রব কুমিরটির চিকিৎসা করেন। কুমিরটি সুস্থ হয়ে উঠলেও পা দুটি আর ভাল হয়নি।
বাগেরহাট সদর উপজেলা পশু চিকিৎসক ডা. লুৎফর রহমান মৃত কুমিরটির ময়না তদন্ত শেষে জানান, এটি মাদী কুমির। এর দৈর্ঘ্য সাত ফুট নয় ইঞ্চি। কুমিরটির বামদিকের পা দুটি ভাঙা ছিল। সামনের বামপায়ে তিনটি এবং পেছনের বাম পায়ে একটি নখ ছিল না। তার পেটে ৩৭টি ডিম পাওয়া গেছে।
তিনি বলেন, কুমিরের চামড়াটি সুন্দরবন পূর্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আজমুল হক, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ এবং জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. রুস্তম আলী কুমিরটি দেখতে মাজারে যান।
বর্তমানে দীঘিতে মিঠা পানির প্রজাতির তিনটি কুমির রয়েছে। এর মধ্যে ধলা পাহাড় নামের কুমিরটি আগে থেকেই এ দীঘিতে ছিল। এর সঙ্গে থাকা কালা পাহাড় নামের আরেকটি কুমির মারা গেছে। এ ছাড়া স্থানীয় নদীতে ধরা পড়া লবণ পানির একটি কুমিরও এ দীঘিতে ছাড়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24