২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্র মামলায় দুজনের ৩৭ বছর করে সাজা

ঝিনাইদহে অস্ত্র মামলায় দুজনকে পৃথক দুটি ধারায় ৩৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এবং বিশেষ আদালতের বিচারক রোকেয়া বেগম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঝিনাইদহ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহে অস্ত্র মামলায় দুজনকে পৃথক দুটি ধারায় ৩৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এবং বিশেষ আদালতের বিচারক রোকেয়া বেগম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আইয়ুব হোসেন ও কাঁচেরকোল গ্রামের জুমারত হোসেনের ছেলে আশরাফ আলী। ২০০৩ সালের ২৯ আগষ্ট শৈলকুপা থানার পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার কাঁচেরকোল গ্রামের একটি কুয়া থেকে একটি বিদেশি স্টেনগান এবং ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে শৈলকুপা থানায় মামলা হয় তাদের বিরুদ্ধে। মামলার রায়ে তাদেরকে অস্ত্র আইনের ১৯/এ ধারায় যাবজ্জীবন (৩০ বছর) এবং ১৯/এফ ধারায় আরও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তুষার কান্তি রায়। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.