সিরাজগঞ্জ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটানা ১৩ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের ৭১ মেগাওয়াটের ইউনিটটি বুধবার রাত ৮টার দিকে আবার চালু করা হয়েছে বলে কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন।
কেন্দ্রটির সরবরাহ লাইনে গ্যাসের চাপ কম থাকায় গত ৫ মার্চ ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, "বুধবার রাত ৮টার দিকে গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়।"
তিনি জানান, তবে গ্যাসের চাপ এখনও উঠানামা করছে। কাক্সিক্ষত গ্যাস পাওয়া যাচ্ছে না। ইউনিটটি থেকে এখন ৬৮ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে এক শ' মেগাওয়াটের আরেকটি ইউনিট রয়েছে। এটি থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১৩৫৫ ঘ.
bdnews24