সাভার, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে মঙ্গলবার রাতে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে দু'টি শিল্প কারখানা ও একটি গুদাম পুড়ে গেছে।
এগুলো হল- জিরানী এলাকার তুনহাই গামের্ন্টস-এর একটি গুদাম, শ্রীপুরের ইউরিশিয়া ফেল্ড ইন্ডাষ্ট্রিজ লি. এবং হেমায়েতপুরের ডেকো ফুড ইন্ডাষ্ট্রিজ লি.।
সাভার ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) দমকলের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। এ তিনটি অগ্নিকাণ্ডে চার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দমকল কর্মকর্তারা জানান।
সাভার দমকল স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল ও ডিইপিজেড দমকল স্টেশন কর্মকর্তা হিরন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে হেমায়েতপুর এলাকার ডেকো ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুল লাগে। এক ঘণ্টা চেষ্টার পর সাভার দমকল কর্মীরা আগুণ নিয়ন্ত্রণে আনেন। কারখানার সমস্ত মালামাল পুড়ে যায় বলেও জানান তারা।
তারা জানান, রাত সাড়ে ১২টার দিকে সাভারের জিরানী এলাকার তুনহাই গামের্ন্টস-এর একটি গুদামে আগুন লাগে। দমকল কর্মীরা আসার আগে সেমিপাকা টিনসেড গুদামটি ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তারা।
এছাড়া সাভারের পার্শ্ববর্তী শ্রীপুর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে ইউরিশিয়া ফেল্ড ইন্ডাষ্ট্রিজ লি. নামের ফোম তৈরির কারখানাটিতে আগুল লাগে। দমকল কর্মীরা আসার আগেই কারখানাটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
দমকল কর্মীরা এ কারখানায় আগুন লাগার কারণ বলতে পারেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার স্থানীয় কয়েকজন সদস্য জানান, ইউরিশিয়া ফেল্ড ইন্ডাষ্ট্রিজ লি. কারখানাটির মোটা অংকের টাকার ইন্সুরেন্স করা রয়েছে।
আগুন লাগার কারণ তারা অনুসন্ধান করছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24