২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যসহ ১৪ জনকে সাত দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে

পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিডিআর সদস্যসহ ১৪ জনকে বুধবার নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিডিআর সদস্যসহ ১৪ জনকে বুধবার নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম ফয়সাল আতিক বিন কাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত তাদের সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। রিমান্ডে নেওয়া ১৪ জন হলেন- অবসরপ্রাপ্ত সুবেদার ও বিডিআর কল্যাণ সমিতির সভাপতি তোরাব আলী, অবসরপ্রাপ্ত সুবেদার মো. কাঞ্চনের ছেলে জাকির হোসেন, সুবেদার হাজী মো. শফিজউদ্দিন, নায়েক সুবেদার হেলালউদ্দিন, নায়েক সুবেদার শাহজাহান আলী, হাবিলদার বিল্লাল হোসেন, নায়েক মতিউর রহমান খান, ল্যান্স নায়েক শহিদুল ইসলাম, সিপাহী আব্দুল মতিন, সিপাহী আব্দুল্লাহ-আল মামুন, সিপাহী ক্লার্ক মো. শহীদুজ্জামান, সিপাহী এসএম আলতাফ হোসেন, কার্পেন্টার নারায়ণ কুমার দাস ও বৈদ্যুতিক মিস্ত্রী জাকির হোসেন। আসামি পক্ষের আইনজীবী জিয়াউল হোসেন জামাল, হেমায়েতউদ্দিন খান হিরণ ও সাখাওয়াত হোসেন মনির রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনের জন্য আবেদন করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, র‌্যাব দীর্ঘদিন এদের আটকে রেখে অকথ্য নির্যাতন করেছে। দীর্ঘদিন পর তাদের আদালতে পাঠানো হয়েছে। অথচ চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে আদালতে পাঠানোর নিয়ম। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ প্রচলিত আইন, সংবিধান এবং মানবতা বিরোধী কাজ করছে। এ সময় পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী এবং উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান জামিনের বিরোধিতা করেন। কাঠগাড়ায় দাঁড়ানো কয়েকজন আসামী বলেন, সরকারের নির্দেশে ২ ও ৩ মার্চ তারা কাজে যোগ দেন। কিন্তু ভিডিও ফুটেজের নাম করে র‌্যাব তাদের গ্রেপ্তার করে অজ্ঞাতস্থানে নিয়ে চোখ বেধে তাদের উপর অত্যাচার চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এএল/এইচএ/২২৪৫ঘ.