ফরিদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর চিনিকলের শ্রমিক-কর্মচারিরা তাদের বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে এক ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেছেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী তার অফিস কক্ষে অবস্থান করছিলেন।
ফেব্র"য়ারি মাসের বেতন, অবসরগ্রহণকারীদের পাওনা, শ্রমিক কর্মচারিদের প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে চিনিকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট পালন করা হয়।
ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান এবং সাধারণ সম্পাদক জহুরুল হক। তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে ২৪ মার্চ থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী জানান, মিলে এখনও ১ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৪৪ মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় রয়েছে।
তিনি জানান, শ্রমিক-কর্মচারিদের বেতন-ভাতাসহ বিভিন্ন পাওনার পরিমান ৩ কোটি ২০ লাখ টাকা। বকেয়া পরিশোধের জন্য তিনি বুধবারই চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অর্থ বিভাগের পরিচালক দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছেন।
অর্থ বিভাগের পরিচালক আগামী রোব ও সোমবারের মধ্যে কিছু টাকা পাঠাতে চেয়েছেন। ওই টাকা পাওয়া গেলে বকেয়া পরিশোধ করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২০ ঘ.
bdnews24