২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুদ্ধাপরাধের অভিযোগে আরেকটি মামলা

মুক্তিযুদ্ধের সময় এক দিনমজুরকে হত্যার অভিযোগে বাগেরহাট সদর থানায় চারজনের বিরুদ্ধে একটি যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

বাগেরহাট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় এক দিনমজুরকে হত্যার অভিযোগে বাগেরহাট সদর থানায় চারজনের বিরুদ্ধে একটি যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে বাগেরহাটের পাঁচ থানায় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ হত্যার অভিযোগে কথিত রাজাকারদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হল। নিহত তৈয়ব আলীর ভাই তানজু শেখ ওরফে তাজু বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার কোন আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। মামলায় অভিযুক্তরা হলেন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোটাপাড়া গ্রামের শেখ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাষ্টার (৬০), একই ইউনিয়নের দেপাড়া গ্রামের বাসিন্দা এবং গোটাপাড়া ইউপি চেয়ারম্যান বাসারাত হালদার (৫৫), নবীর হালদার (৫৮) ও মোশারফ হালদার (৫৭)। এজাহারে এ চারজনকে রাজাকার বলে উল্লেখ করা হয়েছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭১ সালের ১১ জুন এলাকার চার কথিত রাজাকার বাগেরহাট সদর উপজেলার বেশরগাঁতি গ্রামের রশিদ কাজীর বাড়িতে কাজ করা অবস্থায় দিনমজুর তৈয়ব আলীকে ধরে কান্দাপাড়া বাজারে নিয়ে গিয়ে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। বাদী গত ৪ মার্চ বাগেরহাট মুখ্য বিচারিক হাকিম গাজী আব্দুর রহমানের আদালতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি মামলা দায়ের করেন। আদালত মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য বাগেরহাট সদর থানাকে নির্দেশ দেন। এই নির্দেশ মঙ্গলবার থানায় পৌঁছালে মামলাটি রেকর্ড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০০৬ ঘ.