ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ২৪ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে অনুরোধ জানিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশ সংসদে পাস হয়েছে। এখন নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে চিঠি দেওয়া হবে।"
গত অক্টোবরে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক নিবন্ধন শর্তাবলী মেনে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়।
ওই সময় দলীয় গঠনতন্ত্রে সংশোধনী এনে অস্থায়ী গঠনতন্ত্র জমা দেয় দলগুলো। সংসদের প্রথম অধিবেশনের ছয়মাসের মধ্যে দলের সর্বোচ্চ সভায় তা অনুমোদন করার অঙ্গীকার করে দলগুলো।
এদিকে ২৪ ফেব্র"য়ারি জাতীয় সংসদে পাস হওয়া সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) কয়েকটি ভুল চিহ্নিত করেছে ইসি।
এগুলোকে 'অনিচ্ছাকৃত ভুল' আখ্যায়িত করে তা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান ছহুল হোসাইন।
উপ-নির্বাচনে 'না' ভোট থাকছেনা
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-২০০৯ এ 'না ভোটের' বিধান রাখা হয়নি। ফলে আগামী ২ এপ্রিল জাতীয় সংসদের ৬টি আসনের উপ-নির্বাচনে 'না' ভোট থাকবে না বলে জানিয়েছেন ছহুল হোসাইন।
তিনি বলেন, "জনপ্রতিনিধিরা মনে করেছেন 'না' ভোট থাকার দরকার নেই। তাই আমাদের সে বিধান মানতে হবে।"
তত্বাবধায়ক সরকারের সময় জারি করা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 'না' ভোটের বিধান ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিন লাখেরও বেশি 'না'ভোট পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩৪০ঘ.
bdnews24