ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে শিশুদের অধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য সৃষ্টি করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর ৮৯ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এই ঐকমত্য সৃষ্টির আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, "আসুন আমরা আমাদের বর্তমান দিনকে উৎসর্গ করে দিই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের বর্তমান আগামী দিনের ছোট্ট শিশুদের জন্য।"
প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ করে বলেন, "আমি আমার বর্তমান তোমাদের জন্য উৎসর্গ করছি। যেনো তোমরা উন্নত জীবন পাও। বিশ্ব সভায় মাথা উচু করে দাঁড়াতে পারো।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা মঞ্চের সামনের বসা মন্ত্রীদের উদ্দেশে বলেন, "আজকে শিশু দিবস। কিন্তু, সামনে সব বয়োঃজেষ্ঠ শিশুরা বসা। আর শিশুরা আমার থেকে অনেক দূরে বসা। এটা হওয়া ঠিক নয়। আগামীতে এ বিষয়ে খেয়াল রাখতে হবে।"
সমাজের বিত্তবানদের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আগামী দিনে প্রতিটা শিশু যেনো প্রাণ খুলে হাসতে পারে এবং বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে।"
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মেয়ে শেখ হাসিনা তার বক্তব্যের এক পর্যায়ে আবেগ্লাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, "ছোটবেলায় আমাদের এই সৌভাগ্য হয়নি যে বাবার হাত ধরে হাসতে হাসতে স্কুলে যাবো। বরং আমরা আমাদের বাবাকে কারাগারে দেখতে গেছি। আমরা গর্বিত যে আমাদের বাবা অন্যায়ের কাছে মাথা নত করেননি।"
হাসিনা বলেন, "আমার বাবা দেশের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু, আমার মা কী অপরাধ করেছিলো? তাকে কেনো হত্যা করা হলো? আমার ভাইদের কেনো হত্যা করা হলো ? তাদের নবপরিণীতা স্ত্রীদের কেনো হত্যা করা হলো? দশ বছরের রাসেল, তার কী অপরাধ ছিলো ? আমি আর আমার বোন দেশে ছিলাম না বলে বেঁচে গেছি। না হলে আমাদেরকেও মরতে হতো। তা হলে একদিকে ভালোই হতো। তিল তিল করে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হতো না।"
প্রধানমন্ত্রী বলেন, "দেশের মানুষ এখনো কেনো সুশিক্ষায় শিক্ষিত হলো না। শিক্ষার হার কেনো এখনো ৬০ ভাগের ওপরে যায়নি। কিন্তু, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বসভায় মডেল হতো। বিশ্ব দরবারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো না।"
ন্যায় ও সত্যের পথে পরিচালিত হতে এবং অন্যায়ের কাছে মাথা নত না করার জন্য শিশুদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিতে বলেন।
তিনি বলেন, "শিশুদের ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে।"
২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা ডিগ্রী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে দিতে চাই।"
শিশুশ্রম, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ এবং রাজনৈতিক কর্মসূচীতে শিশুদের ব্যবহার না করার কথাও বলেন শেখ হাসিনা। শিশু ও নারী পাচার বন্ধও নিশ্চিত করা হবে বলে আশ্বাস নেন তিনি।
তিনি বলেন, "আমাদের শিশু স্বাক্ষরতার হার বাড়েনি। বরং কমে গেছে।"
জাতিসংঘের শিশুসনদ যথাযথভাবে পালনের নিশ্চয়তা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জাতিসংঘের শিশুসনদ অনুযায়ী শিশুদের শিক্ষা ও বিনোদনের সব ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিশু নীতিমালা যুগোপযোগী করা হবে। শিশুদের উন্নয়নে যা যা করার আমরা তাই করবো।"
প্রধানমন্ত্রী উপস্থিত শিশুদের উদ্দেশে বলেন, "তোমরা মন দিয়ে পড়া-লেখা করবে। বাবা-মা ও শিক্ষকদের কথা শুনবে। শিক্ষকদের মান্য করবে। আমরা ২০২১ সালের মধ্যে উন্নত, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন যারা শিশু তখন তারাই নেতৃত্ব দেবে।"
প্রতিবন্ধী ও দরিদ্র শিশুদের অবহেলা না করে তাদের যত
bdnews24