ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের কথিত দুর্নীতি তদন্তে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।
দেশের ইতিহাসে এই প্রথম বারের মতো সংসদ একজন সাবেক স্পিকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে।
আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, ফজলে রাব্বি মিয়া, শাহজাহান খান ও ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন এক অনির্ধারিত বিতর্কে জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানালে স্পিকার এ ঘোষণা দেন।
পরে স্পিকার আব্দুল হামিদ সংসদকে বলেন, "কিছু সাংসদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দুই থেকে তিনদিনের মধ্যে এই তদন্ত কমিটি গঠন করে তা সংসদকে জানাবো। এই কমিটি শুধু জমিরউদ্দিন সরকারের দুর্নীতি তদন্ত করবে।"
১৯৭২ সাল থেকে এ পর্যন্ত সব স্পিকারের কর্মকাণ্ড অডিট করতে কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে নির্দেশ দেবেন বলেও জানান তিনি।
বিএনপি সাংসদ আবুল খায়ের ভূঁইয়া সব স্পিকারের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবি জানান।
সাংসদরা বলেন, জমিরউদ্দিন সরকার সাত বছর স্পিকার থাকার সময় দুর্নীতি করেছেন।
সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে মেনন এই অনির্ধারিত বিতর্কের সূত্রপাত করেন। তিনি পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বলেন, "পালামেন্ট সচিবালয়ে বিশৃঙ্খলা চলছে। এই বিশৃঙ্খলা গত সাত বছরের টানা অনিয়মের ফল। জমিরউদ্দিন সরকার সম্পর্কে আমি কি বলবো, যাকে আমি অনেক শ্রদ্ধা করি।"
তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, "আমি ওই অনিয়মের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি অপনার প্রাতি।"
শাহজান খান বলেন, "জমিরউদ্দিন তত্তাবধায়ক সরকারের সঙ্গে আপোস করেছেন এবং তার দুর্নীতি আড়াল করতে ন্যাম ফ্লাট ওই সরকারেরর কাছে হস্তান্তর করেন।
"তিনি স্পিকার হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং স্পিকারের মেডিকেল ফান্ড থেকে অর্থ আত্মসাত করেছেন। সংসদের অভিবাক হয়ে তিনি অনিয়ম করেছেন। জনগণের এ সম্পর্কে জানতে হবে।"
তিনি সাবেক স্পিকারের দুর্নীতি তদন্তে সর্বদলীয় তদন্ত কামিটি গঠনের দাবী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/০০২৯ঘ.
bdnews24