২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় 'হিজবুল্লাহ'র নয় সদস্য রিমান্ডে, জেএমবি করতেন পাঁচজন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গ্রেপ্তার হওয়া 'হিজবুল্লাহ' সদস্যদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এদের মধ্যে নয়জনকে রোববার আদালতের মাধ্যমে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাঁচজন আগে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি'র কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

বগুড়া, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গ্রেপ্তার হওয়া 'হিজবুল্লাহ' সদস্যদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এদের মধ্যে নয়জনকে রোববার আদালতের মাধ্যমে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাঁচজন আগে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি'র কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। শনিবার উপজেলার নিজকর্নীবাড়ী গ্রামের একটি মাদ্রাসা সংলগ্ন মসজিদ থেকে 'হিজবুল্লাহ' নামের ইসলামপন্থী সংগঠনটির ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় ওইদিনই দুটি মামলা হয়। এর মধ্যে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নিজকর্নীবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদ একটি মামলা করেন। অস্ত্র আইনে আরেকটি মামলা করেন সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক আখতারুল ইসলাম। অস্ত্র মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক সামসুল হককে। মারধর-ভয়ভীতি দেখানোর মামলার তদন্তভার পেয়েছেন উপ-পরিদর্শক আবু সিদ্দিক। রিমান্ডে নেওয়া নয়জন হলেন- রায়হান আলী, শহিদুল ইসলাম, শাহ আলম, নূরুল ইসলাম, লাভলু মিয়া, একরাম হোসেন, আসাদুল ইসলাম ঝন্টু, জুলহাজ উদ্দিন, আসাদুল। এর মধ্যে রায়হান আলী দলনেতা বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন- আব্দুস সামাদ, ওসমান গণি, আব্দুল হালিম। অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামসুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বগুড়ার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে দুটি মামলায় সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। হাকিম মো. হাসান্জ্জুামান চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, হিজবুল্লাহ সদস্যদের গ্রেপ্তারের সময় আরও প্রায় ২০/২২ জন পালিয়ে গেছেন। এদের মধ্যে ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। সামসুল হক জানান, শনিবার গ্রেপ্তারের পর দলনেতা রায়হান, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, শাহ আলম ও লাভলু মিয়া এর আগে জেএমবির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। নিজকুর্নীবাড়ী এলাকার তুহিন নামের এক যুবক সাংবাদিকদের জানান, এলাকার নিরীহ ধর্মপ্রাণ মানুষদের তাদের দলে ভেড়ানো হয়েছে। বেশ কিছুদিন ধরে এরা গোপনে তৎপরতা চালালেও আত্মপ্রকাশ করে শনিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২১ ঘ.