ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআরের ডিএডি তৌহিদসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম শনিবার বিকেলে এ আদেশ দেন।
আসামিরা হলেন- ডিএডি তৌহিদুল আলম, ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক ফিরোজ আহাম্মেদ, সিপাহী জাকির হোসেন, পাচক আমিরুল ইসলাম, চিকিৎসক (মেডিকেল অ্যাসিস্টেন্ট) জমির উদ্দিন, সিপাহী ইমরান, সিপাহী শাহ আলম, সিপাহী ফশিউর রহমান ও পাচক শাহজাহান।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এএসপি) আব্দুল কাহার আকন্দ আর কোনো রিমাণ্ড না চেয়ে তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন।
রিমান্ড শেষে শনিবার বিকেলে কোর্ট হাজতে আনা হলেও আসামীদের এজলাসে তোলা হয়নি।
হাবিলদার আজাদ আলীর পক্ষে তার ছেলে জাহাঙ্গীর আলম জামিনের আবেদন নিয়ে ঘোরাফেরা করলেও আবেদনটি আদালতের সামনে দাখিল করতে পারেননি।
ডিএডি তৌহিদসহ আসামিদের মধ্যে বিভিন্নসময় বিভিন্ন মেয়াদে
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেওয়া হয়েছিল।
আসামীদের কারাগারে পাঠানোর আবেদনে শনিবার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ বলেন, "অভিযুক্তরা ঘটনার সময় বিডিআরের অস্ত্রাগার লুট করে নারকীয় তাণ্ডব চালিয়ে বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তাকে হত্যা করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জামিন পেলে এরা পালিয়ে যাবে। এদের কারাগারে নেওয়া হোক।"
এদিকে সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর সদস্য সিপাই আল মাসুমকে ৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার আবার ৩ দিনের রিমান্ডে নিয়েছেন তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসকে/
bdnews24