২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তির নতুন বাজার খোঁজায় সফলতা পাওয়া যাচ্ছে: শ্রমমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তির নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে এবং এক্ষেত্রে সফলতাও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ফরিদপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তির নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে এবং এক্ষেত্রে সফলতাও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, "বিশ্বব্যাপী বিরাজমান অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠলে বিদেশে জনশক্তি রপ্তানি অনেকগুণ বেড়ে যাবে।" শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে আইটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেন, "প্রায় ৬২ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত। তারা বছরে প্রায় নয় বিলিয়ন ডলার দেশে পাঠান, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।" খন্দকার মোশাররফ বলেন, "বিশ্বে নার্সের চাহিদা বেড়ে যাচ্ছে। নারীরা নার্সিং পেশায় অধিক সংখ্যায় অন্তর্ভুক্ত হলে নার্স রপ্তানির ক্ষেত্রে ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, সবাই একত্রে কাজ করলে আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রত্যয়ী এ সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।" ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ফরিদপুরের জেলা প্রশাসক আখতারুজ্জামান মোহাম্মদ মোস্তফা কামাল, ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহতাব আলী মেথু, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী ট্রাস্টি মিজানুর রহমান প্রমূখ। পরে শ্রমমন্ত্রী ফিতা কেটে আইটি সেন্টারের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.