২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: তৎকালীন শিল্প সচিবকে জিজ্ঞাসাবাদ করা হবে

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় তৎকালীন শিল্প সচিব নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নিচ্ছেন মামলাটির তদন্তকারি সংস্থা সিআইডি-র কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় তৎকালীন শিল্প সচিব নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নিচ্ছেন মামলাটির তদন্তকারি সংস্থা সিআইডি-র কর্মকর্তারা। অস্ত্র খালাসের সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সিআইডি। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিতে ২০০৪ সালের ২ এপ্রিলের ওই বিশাল অস্ত্র চালান আটকের মামলায় দুই আসামীর জবানবন্দী, সিইউএফএল এর শীর্ষ পাঁচ কর্মকর্তা, আনসার ও পুলিশের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর তদন্তের অগ্রগতি হয়েছে বলে কর্মকর্তারা জানান। নতুন করে অধিকতর তদন্তের এ প্রক্রিয়ায় এ অস্ত্রের চালান আমদানি, পরিবহন ও খালাসে জড়িতদের খুঁজে বের করতে এবার সব ধরনের কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সিআইডি। এরই অংশ হিসেবে গত রোববার থেকে খালাসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। বিগত চারদিনের টানা জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির তৎকালীন শীর্ষ কর্মকর্তারা দাবি করেন জেটিতে অস্ত্র খালাসের বিষয়টি এ প্রতিষ্ঠানের ওপর মহল জানতেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনার পরপরই তা ওপর মহলকে জানান। কিন্তু 'ওপর থেকে' নির্দেশ না পাওয়ায় তারা কোন পদক্ষেপ নেননি। সিআইডি সূত্রে জানা গেছে, ওই সময় এ বিষয়ে ওপর মহলের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তদন্তকারী কর্মকর্তা তৎকালীন শিল্প সচিব নুরুল আমিনকে শীঘ্রই সিআইডি কার্যালয়ে ডেকে পাঠাবেন। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিইউএফএল জেটিতে অস্ত্র খালাসের বিষয়টি তৎকালীন কর্মকর্তারা ওপর মহলকে জানিয়েছিলেন। মামলার তদন্তের স্বার্থে পর্যায়ক্রমে সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। " আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে, অস্ত্র খালাসের রাতেই তৎকালীন শিল্প সচিব নুরুল আমিন কর্ণফুলী নদীর অন্য তীরে অবস্থিত সিইউএফএল এর রেস্ট হাউসে রাত কাটান। মামলার অন্যতম সাক্ষী ও অস্ত্র চালান খালাসের প্রত্যক্ষদর্শী সিইউএফএল এর সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান বৃহস্পতিবার দুপুরে আদালতে দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে বলেছেন, অস্ত্র খালাস শুরুর কয়েক ঘন্টা আগে শিল্প সচিব ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। সিএমপির কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান তাকে স্টেশন থেকে সরাসরি সিইউএফএল রেস্ট হাউজে নিয়ে যান। দুই পৃষ্ঠার জবানবন্দীতে তিনি আরও বলেন, "রাত সাড়ে নয়টা নাগাদ জেটিঘাটে ট্রলার থেকে অস্ত্র খালাস শুরু হওয়ার সাথে সাথে আমি বিষয়টি সিইউএফএল'র উর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও তারা বিষয়টি এড়িয়ে যান।" বিশাল এ অস্ত্র চালান খালাসের বিষয়ে তদন্তের স্বার্থে ওই এলাকায় দায়িত্বরত কোস্টগার্ড সদস্যদেরও বক্তব্য নেওয়া হবে। এজন্য সিআইডি'র পক্ষ থেকে সে সময়ের দায়িত্বরত কোস্টগার্ড সদস্যদের তালিকা চাওয়া হয়েছে। আইও জানান, শুক্রবার পর্যন্ত কোস্টগার্ডের পক্ষ থেকে তালিকা পাওয়া যায়নি। এজন্য সিআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কোস্টগার্ডের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারে নেতৃত্বদানকারী সিএমপির তৎকালীন উপ পুলিশ কমিশনার (বন্দর) আবদুল্লাহ হিল বাকী, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুর রহামনসহ সংশিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাক্ষ্য নেবে সিআইডি। শনিবার থেকে এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানা গেছে। ইতোপূর্বে এ মামলার তদন্তকারী দুই কর্মকর্তা সিআইডির সাবেক এএসপি এ এম এম কবির উদ্দিন ও মীর নওশের আলীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার এ মামলায় সিইউএফএল-র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসীন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। তদন্তে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত সিইউএফএল জেটিতে অস্ত্র খালাসের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২১০১ঘ.