২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষবিডিআরের ৫৫ হাজার সদস্যের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি

নতুন সীমান্ত রক্ষা বাহিনীতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর বর্তমানে কর্মরত ৫৫ হাজার সদস্যকে রাখা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিডিআর পুনর্গঠনের দায়িত্ব পাওয়া বাহিনীর নতুন প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, এজন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সীমান্ত রক্ষা বাহিনীতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর বর্তমানে কর্মরত ৫৫ হাজার সদস্যকে রাখা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিডিআর পুনর্গঠনের দায়িত্ব পাওয়া বাহিনীর নতুন প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, এজন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। বিডিআর পুনর্গঠনের বিকল্প নেই-মত দিয়ে বাহিনীর বর্তমান মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মইনুল হোসেন বলেন, অবশ্যই নতুন বাহিনী গড়ে তুলতে হবে। নতুন বাহিনীতে বর্তমানে কর্মরত ৫৫ হাজার বিডিআর সদস্যকে আত্মীকরণ করা হবে নাকি সম্পূর্ণ নতুন সদস্য নিয়োগের মাধ্যমে নতুন বাহিনী গড়ে তোলা হবে জানতে চাইলে বিডিআর মহাপরিচালক বলেন, "এ ব্যাপারে নীতিনির্ধারকরা পূর্ণ সিদ্ধান্তে এলেই আমরা তা বাস্তবায়ন শুরু করবো।" নতুন বিডিআর প্রধান বলেন, "এই বাহিনীর কার্যকরিতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এদের মনোবল, নৈতিকতা ও শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে। এদের দিয়ে আর ভালো কিছুই করা সম্ভব নয়। এই বাহিনীকে কার্যকর করে তুলতে চাইলে অবশ্যই নতুন অভিজ্ঞতায় একে গড়ে তুলতে হবে। এর কোন বিকল্প নেই।" তিনি বলেন, "এ বাহিনীকে নতুন করে গড়ে তোলার শক্তি-সামর্থ ও মনোবল আমাদের রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু তদন্ত কাজের অংশ হিসেবে জড়িতদের যাচাই-বাছাই প্রক্রিয়ায় আমাদের কিছুটা সময় লাগছে। আর এক্ষেত্রে সময় লাগবেই। কারণ তাড়াহুড়া করতে গিয়ে যেন কোন তথ্যপ্রমাণ নষ্ট হয়ে না যায় সেটা আমাদের নিশ্চিত করতে হচ্ছে। "এই বাহিনীকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হবে, যেন বিডিআর সদস্যরা আগে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতো সেই পরিবেশ ফিরে আসে। এই বাহিনী যেন আগামীতে শত বছর টিকে থাকে।" বিডিআর নাম পরিবর্তন করে নতুন নামকরণ বা পোশাক পরিবর্তন সংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাইলে ব্রিগেডিয়ার মইনুল, "বাংলাদেশের জনগণ যা চাইবে তাই হবে, জনগণের আকাক্সক্ষারই বাস্তবায়ন করা হবে। আর আমার মনে হয় না, পিলখানার এই 'নৃশংস হত্যাযজ্ঞের' পর বাংলাদেশের মানুষ আর বিডিআর এর নাম শুনতে চায়, আর বিডিআরের এই পোশাক দেখতে চায়। শেষ পর্যন্ত দেশের জনগণের চাওয়াই আমরা বাস্তবায়ন করবো।" সারা দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে কর্মরত সেনা কর্মকর্তারা নিরাপত্তাহীনতার কারণে কর্মস্থলে যোগ দিতে অনীহা প্রকাশ করেছেন বলে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে বিডিআর মহাপরিচালক বলেন, "এ তথ্য পুরোপুরি মিথ্যা। এটা অনেক মিডিয়াতে ভুলভাবে তুলে ধরা হয়েছে। এ সংক্রান্ত খবর প্রকাশের ব্যাপারে সাংবাদিকদের আরো সচেতন হওয়া উচিত। খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে তবেই তাদের সংবাদ প্রকাশ করা উচিত।" তিনি বলেন, "সব কর্মকর্তা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আর এর বাইরে যারা যোগ দেননি, তারা ছুটিতে রয়েছেন।" পিলখানার ভেতরে বিডিআর সদস্যরা খাবার অভাবে ভুগছেন বলে তাদের স্বজনদের অভিযোগ সম্পর্কে বিডিআর মহাপরিচালক বলেন, "ভেতরে যারা আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে। এটা পুরোপুরি গুজব।" বিডিআর সদস্যদের নিয়মিত ভেতন-ভাতা আটকে থাকার ব্যাপারে মহাপরিচালক বলেন, "যে সমস্ত ইউনিটের অধিনায়কদের হত্যা করা হয়নি, অর্থাৎ যে সমস্ত ইউনিটে কমান্ড বলবৎ রয়েছে তাদের কাছে ইতিমধ্যে বেতনের টাকা পৌঁছে গেছে। কিন্তু যে সমস্ত ইউনিটের অধিনায়কদের হত্যা করা হয়েছে তাদের টাকা পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে। কারণ নতুন অধিনায়ক নিয়োগ করে ব্যাংকের কাগজপত্র পরিবর্তনের কাজে সময় লাগছে। তবে তারাও খুব শিগগিরই টাকা পেয়ে যাবেন।" পিলখানার ভেতরে থাকা বিডিআর সদস্যদের সঙ্গে প্রতিদিন মাত্র ২০ টি করে পরিবারের একজন সদস্যের দেখা করতে দেওয়া হচ্ছে। এতে প্রতিদিনই পিলখানার প্রধান ফটকে শত শত স্বজনের ভীড় জমছে। ভীড় কমাতে দেখা করার গতি বাড়ানোর কোন পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে মহাপরিচালক বলেন, "আমাদের চাকরির নিয়মইতো এরকম। এটা তো কোন সাধারণ পেশা নয়। আগেও আত্মীয়-স্বজনদের সাক্ষাত নিয়ন্ত্রিত ছিলো। আমরা দেখা করার ক্ষেত্রে মা এবং অন্তঃসত্তা স্ত্রীদের অগ্রাধিকার দিচ্ছি। এর বাইরে টেলিফোন, ইন্টারকম ও চিঠির মাধ্যমেও আমরা যোগাযোগের ব্যবস্থা করেছি। আমি তো মনে করি এটাই যথেষ্ট।" ঘটনার সময় পিলখানা থেকে খোয়া যাওয়া মোট অস্ত্র ও গোলাবারুদের হিসেব বের করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "অস্ত্রের হিসেব বের করতে একটু দেরি হবে। তবে গোলাবারুদের হিসেব দুই-একদিনের মধ্যে আমরা জানাতে পারবো।" ঘটনার দিন পিলখানায় অবস্থানকারী মোট বিডিআর সদস্য এবং বর্তমানে পিলখানায় অবস্থানকারী মোট বিডিআর সদস্যের সংখ্যা জানতে চাইলে মইনুল হোসেন বলেন, "ঘটনার সময় অনেক কাগজপত্র ও তথ্য-প্রমাণ পুড়িয়ে ফেলা হয়। সে কারণে ওইদিন উপস্থিত মোট বিডিআর সদস্যের সংখ্যা এখনো পাওয়া যায়নি। আর নির্দেশ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার সদস্য রিপোর্ট করেছেন।" পিলখানায় ২৫ ও ২৬ ফেব্র"য়ারি দুই দিনব্যাপী বিদ্রোহের পর বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহম্মেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর ২৭ ফেব্র"য়ারি ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেনকে বিডিআরের নতুন মহাপরিচালক নিয়োগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/২০০০ ঘ.