ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাস্থ মার্কিন দূতাবাস আগামী সোমবার জ্যাজ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে। ল্যাটিন জ্যাজ সঙ্গীত দল ডুয়েন্ডে কোয়ার্টেট এতে যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে।
আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের জেনারেল সার্ভিসেস কম্পাউন্ডের (নতুনবাজার, যুক্তরাষ্ট্র দূতাবাসের পূর্ব দিকে) জিএসও মাঠে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটন ডি.সি. ও বাল্টিমোর এলাকাভিত্তিক এই দলটি গঠিত হয় ২০০৪ সালে। এদের বৈশিষ্ট্য ল্যাটিন জ্যাজ সঙ্গীত পরিবেশনা।
গত ৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর বিশ্বের একশটিরও বেশি দেশে জ্যাজ ও অন্যান্য আমেরিকান সঙ্গীতানুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।
এ সঙ্গীতানুষ্ঠানের সৌজন্য টিকেট আমেরিকান সেন্টার ছাড়াও যেসব স্থানে পাওয়া যাচ্ছে সেগুলো হলো- আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যেটে ইনস্টিটিউট, গোল্পী বার্গার (বেইলি রোড শাখা), বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম (১০৮, আজিজ সুপার মার্কেট, ২য় তলা), পিৎজা হাট (গুলশান ও ধানমন্ডি), ওয়েস্টার্ন গ্রিল (৩৬, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী) এবং কফি ওয়ার্ল্ড (সড়ক ১১, বনানী)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০১১০ঘ.
bdnews24