ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী দেশের প্রায় ১০ শতাংশ মানুষকে ভর্তুকি দামে খাবার সরবরাহ করতে রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। প্রায় আড়াই লাখ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারিকেও এ সুবিধার আওতায় আনার প্রস্তাব করে খাদ্য মন্ত্রণালয় রেশনিংয়ের একটি কার্যপত্র তৈরির কাজ শেষ করেছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার একথা জানান। তিনি
বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাইক ফস্টারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
আব্দুর রাজ্জাক বলেন, সুশীল সমাজ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবটি চূড়ান্ত করা হবে।
এর আগে সফররত ব্রিটিশ মন্ত্রী মাইক ফস্টারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স এ সময় তার সঙ্গে ছিলেন।
রেশনিং চালু প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশের মোট নাগরিকের প্রায় ৪০ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। এর মধ্যে কতসংখ্যক মানুষকে রেশন প্রক্রিয়ার অন্তর্ভূক্ত করা যায়, তা পরীক্ষা-নিরীক্ষা করেই হিসাব করা হয়েছে।
কতদিনের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "সময়সীমা এখনই বলা যাবে না। তবে এটুকু বলা যায়, দ্রুতই এ প্রক্রিয়া বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।"
এখন দেশে তেমন খাদ্য সঙ্কট নেই মন্তব্য করে তিনি বলেন, সকলের সঙ্গে আলোচনা করেই প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হবে।
ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, যুক্তরাজ্যের ডিএফআইডি বাংলাদেশের বৃহত্তম দাতা সংস্থা। বিভিন্ন দুর্যোগ ও সঙ্কটে তারা বাংলাদেশকে সহায়তা করে থাকে। ভবিষ্যতে কিভাবে তাদের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি জানান, ব্রিটিশ মন্ত্রীর কাছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে উন্নত মানের লবণাক্ততা সহনক্ষম বীজ উৎপাদন, দুর্যোগ ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুদাম স্থাপন এবং কৃষি গবেষণার ক্ষেত্রে সহায়তা চাওয়া হয়েছে। মাইক ফস্টার গবেষণার ক্ষেত্রে আরো বেশি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি খাদ্য নিরাপত্তার লক্ষ্যে মজুদ বাড়াতে আধুনিক সাইলো ও খাদ্য গুদাম নির্মাণ এবং উপকূলীয় এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আশ্রয় কেন্দ্র নির্মাণে প্রস্তাব জমা দিতে বলেছেন বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, মাইক ফস্টার এক্ষেত্রে যুক্তরাজ্যের ৬০ মিলিয়ন ইউরোর ট্রাস্ট তহবিল থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩৮ঘ.
bdnews24