ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পিলখানায় বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার ১২ বিডিআর সদস্যকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি-র হেফাজতে দিয়েছে আদালত।
বিদ্রোহের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয়।
এদিকে আরো ১০ বিডিআর সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার একটি আদালতে বৃহস্পতিবার বিকেলে সিআইডির তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ ১০দিনের রিমান্ড চান। বিচারক মুহাম্মদ আবদুর রহিম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
লালবাগ থানায় হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়। তাদের আটক করে র্যাব সদস্যরা।
সিআইডির রিমান্ডে যাওয়া ১২ বিডিআর সদস্য হলেন সুবেদার মেজর গোফরান মল্লিক, হাবিলদার রেজাউল করিম, ল্যান্স নায়েক মো. ইউসুফ, আলী, ল্যান্স নায়েক মো. গাউসুল আজম, সিপাই জয়ন্ত কুমার সরকার, সিপাই জমির আলী, সিপাই মো. আব্দুল লতিফ, সিপাই মো. সোহরাব হোসেন, সিপাই মো. ইসমাইল হোসেন, সিপাই মো. শরিফুল ইসলাম, সিপাই মো. রফিকুল ইসলাম ও সিপাই মাসুদুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে তোলা হয়।
রিমান্ডের আবেদনে বলা হয়, ২৫ ফেব্র"য়ারি এই ১২জন বিডিআর সদস্য সদর দপ্তরের অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট করে। পরে তারা বেশ কিছুসংখ্যক সেনা কর্মকর্তাকে হত্যা করে।
আবেদনে আরো বলা হয়, এর আগে রিমান্ডে নেওয়া অন্য অভিযুক্তরা ঘটনার সঙ্গে এদের জড়িত থাকার ব্যাপারে তথ্য দিয়েছে। সে তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আদালতে সিপাই জয়ন্ত কুমার সরকার দাবি করেন, তিনি ঘটনায় জড়িত ছিলেন না। তিনি তখন নিরস্ত্র ছিলেন।
ঘটনার পর মন্ত্রীরা পিলখানায় এলে তাদের ভেতরে আনার জন্য তাকে সদর দপ্তরের বাইরে পাঠানো হয়। এরপর তাকে আর ঢুকতে দেওয়া হয়নি।
অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তারা ৩ মার্চ কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু ভিডিও ফুটেজ প্রমাণের কথা বলে র্যাব হেফাজতে নিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়।
এদিকে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আটক আরো ১০ বিডিআর সদস্যকে লালবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখান একই বিচারক। তাদের ৫৪ ধারায় আটক করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/১৯০৫ ঘ.
bdnews24