পাবনা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রামে বৃহস্পতিবার সকালে আগুনে পুড়ে শিশুসহ দুজন মারা গেছে।
এছাড়া ১৫টি পরিবারের ২৫টি ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে নিহতরা হল- আবু বকরের স্ত্রী আছিয়া খাতুন (৩০) এবং ইদ্রিস আলীর মেয়ে ইতি (৬)।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জহুরুল কালাম জানান, সকাল ৯টার দিকে চান্দাই গ্রামের সাইফুল ইসলামের বাড়ির ঝুলন্ত পায়খানায় নিক্ষিপ্ত ছাইয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
আগুনে ইদ্রিস আলী, আবু বকর, সিদ্দিক প্রামাণিক, আব্দুস সালাম, আব্দুল খালেক, হালিমন, আব্দুস সামাদসহ ১৫টি পরিবারের ২৫টি বসতঘর পুড়ে গেছে।
সহকারী পরিচালক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ সিদ্দিক প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশ যাওয়ার জন্য তিনি ঘরে চার লাখ টাকা রেখেছিলেন। তার সব টাকা পুড়ে গেছে।
তিনি জানান, আগুনে ১৫টি পরিবারের অন্তত ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৭ ঘ.
bdnews24