চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর গোল পাহাড় মোড়ের সুবর্ণ আবাসিক এলাকার একটি বাসায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকা, সনদপত্র, ভিসা ও পাসপোর্ট উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে লাইলী বেগম (৪০) ও তার ছেলে হানিফ আল ফয়সালকে (২০)। তবে গৃহকর্তা পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দ করা কাগজপত্রের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জাল সনদপত্র ও নম্বরপত্র, বিভিন্ন দেশের ভিসা ও বিভিন্ন নামের পাসপোর্ট রয়েছে। এছাড়া এসব তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, টাকা তৈরির মেশিন, প্রিন্টার, রং, সিলমোহরসহ বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে লাইলী বেগম জানিয়েছন তার স্বামী জিল্লূর রহমান কয়েক বছর ধরে ঘরে বসে জাল টাকা ও সনদপত্র তৈরি করে আসছিলো। পরে তা চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/টিআর/২১১৭ ঘ.
bdnews24