রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১৬ বছরের অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়টি তদন্ত করবে বেসরকারিকরণ কমিশন। কোন অনিয়ম পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কমিশনের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিল।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "উৎপাদন বাড়ানোর জন্য রাষ্ট্রীয় কল-কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরও উৎপাদন বাড়েনি। অর্জিত হয়নি অর্থনৈতিক উন্নতিও।"
এর কারণ হিসেবে মির্জা আব্দুল জলিল বলেন, "আমার মনে হয় দলীয় ও ব্যক্তি স্বার্থ এবং দায়সারাভাবে বেশিরভাগ প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এরফলে প্রকৃত উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান পাননি।"
বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর শিল্প-প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে- সে বিষয়টিও কমিশন তদারক করেনি বলে উল্লেখ করে মির্জা জলিল বলেন, "বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার পরও ১৫ থেকে ২০টি প্রতিষ্ঠান এখনও যথাযথভাবে কাজ শুরু করতে পারেনি। কারণ এসব প্রতিষ্ঠান জমিসহ বিভিন্ন ধরণের মামলায় জড়িত রয়েছে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া যথাযথ না হওয়ায় এমনটি হচ্ছে।"
বেসরকারিকরণ কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯৩ থেকে ৭৪টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। এরমধ্যে ৫৪টি টেন্ডারের মাধ্যমে এবং ২০টি শেয়ার বিক্রির মাধ্যমে। এসব শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বস্ত্র, পাট, কাগজ, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রকৌশল, রাসায়নিক, চামড়া, চিনি প্রভৃতি।
পরবর্তীতে বেসরকারিকরণ করার ক্ষেত্রে টাস্কফোর্স গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়ে কমিশন চেয়ারম্যান বলেন, "সুপরিকল্পিতভাবে বেসরকারিকরণের ব্যাপারে একটি টাস্কফোর্স গঠন করা হবে। শিল্প উদ্যোক্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বুদ্দীজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হবে।"
কমিশন বর্তমানে ২৬টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে কাজ করছে। এরমধ্যে কাগজ, বস্ত্র, পাট, চিনি, মৎস্য, রাসায়নিক, চামড়া প্রভৃতি শিল্প-প্রতিষ্ঠান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/২০০১ ঘ.
bdnews24