ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় বরিশালে একজনের ফাঁসি এবং ঝিনাইদহে ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর-
বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর এলাকার এক গৃহবধু হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে জেলার একটি আদালত। এছাড়া একলাখ টাকা জরিমানাও করা হয়।
২০০৭ সালের ২০ এপ্রিল খোরশেদ আলম পেশকার তার স্ত্রী আরজুর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল হোসেন ব্যাপারী বুধবার এ রায় দেন।
রায়ে মামলার অপর ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
খালাসপ্রাপ্তরা হলেন- চম্পা বেগম, আবুল হাওলাদার, নাজমুন্নাহার মনি, মুজাম্মেল হক, রাশেদ পেশকার, ছালমা বেগম, দেলোয়ার হোসেন পেশকার, আবুল পেশকার, সুমন, মতি পেশকার ও শাহাদাৎ বেপারী।
রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত ১১ আসামি আদালতে উপস্থিত থাকলেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালে বিয়ের পর থেকেই খোরশেদ ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে আরজুর উপর শারীরিক ও মনসিক নির্যাতন চালাতে থাকে। এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২০ এপ্রিল রাতে আরজুর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ওইদিনই আরজুর মা রানী বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ৬ জুলাই ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি কাজী মুনিরুল হাসান।
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের আব্দুল হাইকে হত্যার দায়ে একই গ্রামের ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।
এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহ বুধবার এক রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হল- ইরাদ আলি, আজিম, আমজাদ, ঠাণ্ডু, জাফর, শহিদুল, ফরহাদ, মান্নান, হাকিম, বশির, আলম, মিজানুর, আসাদ, কুদ্দুস, মুরাদ আলি ও মশিয়ার।
এদের মধ্যে ইরাদ আলি, জাফর, শহিদুল, ফরহাদ, বশির ও মান্নান পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৬ নভেম্বর সকালে আসামিরা পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশে রাস্তার উপর আব্দুল হাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ঝিনাইদহ হাসপাতালে ভর্তির পর তার তিনি মারা যান।
নিহতের ভাই শামসুদ্দিন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে বেকসুর খালাশ দেওয়া হয়।
মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এম এ জলিল এবং আসামিপক্ষে ছিলেন এম এ মজিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24