২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষীদের আর্মি অ্যাক্ট-এ বিচার করার কথা ভাবছে সরকার

বিডিআরের ঘটনায় দোষীদের 'আর্মি অ্যাক্ট' অনুযায়ী বিচার করা যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়। বুধবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 08:23 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনায় দোষীদের 'আর্মি অ্যাক্ট' অনুযায়ী বিচার করা যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে আইন মন্ত্রণালয়। বুধবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের একথা জানান। আইনমন্ত্রী বলেন, "বিডিআর যেহেতু একটি ডিসিপ্লিনারি ফোর্স এবং তারা হত্যা করেছে আরেকটি ডিসিপ্লিনারি ফোর্সের কর্মকর্তাদের তাই তাদের বিচার ১৯৫২ সালের 'আর্মি অ্যাক্ট'র ৫ এর বিধান অনুসারে নোটিফিকেশনের মাধ্যমে করা সম্ভব।" তিনি আরো বলেন, "পার্শ্ববর্তী দেশে এ ধরনের ঘটনায় এ অ্যাক্টে বিচার করা হয়েছে। আমরাও এ অ্যাক্টে বিচার করার সম্ভাবনা খতিয়ে দেখছি।" এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "আর্মি অ্যাক্টে বিচার হলেও অভিযুক্তরা নিজেদের মত আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ পাবেন।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশে প্রচলিত যে আইনগুলো রয়েছে তাতে এ ধরণের ঘটনার দ্রুত বিচার করতে হলে আর্মি অ্যাক্টেই করতে হবে।" অতীতে সামরিক আইনে যাদের বিচার করা হয়েছে তাদের আপিল প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল। এক্ষেত্রে তেমন কিছু হবে কিনা জানতে চাইলে আইন মন্ত্রী বলেন, "আর্মি অ্যাক্টে আপিলের বিধান যেভাবে আছে সেভাবেই হবে।" বৈঠকে জজ অ্যাডভোকেট জেনারেল, আর্মড ফোর্সেস ডিভিশনের একজন প্রতিনিধি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণারয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অতিরিক্ত এটর্নি জেনারেল এনায়েতুর রহিম। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২২১ ঘ.