ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলের চিন্তায় শেষমেশ মারা গেলেন এক বিডিআর সদস্যের বাবা। ইচ্ছে ছিল- ছেলে নিজ হাতে তাকে দাফন করাবে। দুই দিন ধরে সেই বাবার মৃত্যুর খবরটাই পৌঁছাতে পারেননি স্বজনরা। তিন বছরের শিশু নুশরাতের আশা গেটের কাছে গেলেই তার আব্বুর দেখা মিলবে। তাই মা এসেছেন সেই ছোট্ট শিশুটিকে নিয়ে। দেখা মিলে না। বিস্তারিত প্রদীপ চৌধুরীর কলমে।
পিলখানা বিদ্রোহের পর সদরদপ্তরে রিপোর্ট করতে আসা জওয়ানদের কাছে দুঃসংবাদ কিংবা সুসংবাদ কোনোটাই পৌঁছছে না। শিশুর উদ্বেগ আর কান্নার শব্দ পৌঁছছে না বাবার কানে। তারা জানেন না সদরদপ্তরের ভেতরে থাকা মানুষটি বেঁচে আছেন না কি নেই।
প্রতিদিনই সদরদপ্তর ফটকে বাড়ছে উদ্বিগ্ন স্বজনের ভিড়। কেউ স্বামীর খোঁজে, কেউ ছেলের, কেউবা ভাই। অপেক্ষার লাইনে আত্মীয় নন অথচ পরিচিত এমন অনেকে মানুষেরও দেখা পাওয়া যায়।
খবর জানতে না পেরে হতাশ হয়ে অপেক্ষায় থাকেন তবুও। সদর দপ্তরের প্রধান ফটকে প্রহরার দায়িত্বে থাকা আর্মড পুলিশের হাতে লাঞ্ছিতও হয়েও অপেক্ষায় আছেন কেউ কেউ।
মঙ্গলবার সদরদপ্তরের সামনে অপেক্ষমান শাহজাহান কবীর জানালেন বিডিআর সদস্য আনোয়ার হোসেনের বাবার মৃত্যুর কথা।
নেত্রকোনার আটপাড়া উপজেলার মঙ্গলসিঁদ গ্রামের আনোয়ার ১২ ব্যাটালিয়নে ছিলেন।
সম্পর্কে আনোয়ারের বেয়াই শাহজাহান অনেকটা হতাশা ব্যক্ত করে বললেন, "প্রায় দু'দিন হয়ে গেল আনোয়ারের বাবা মারা গেছে। বাড়িতে সবাই লাশ নিয়ে দাফনের অপেক্ষায়। অথচ তার সঙ্গে দেখা করা তো দূরের কথা মৃত্যুর খবরটাও দিতে পারিনি।"
শাহজাহান দাবি করেন, ছেলের দুশ্চিন্তাতে ৬৫ বছর বয়সী মফিজ উদ্দিন ওরফে চাঁন মিয়া মারা যান সোমবার।
তিনি বলেন, "বিডিআরর বিদ্রোহের পর থেকে ছেলের কোনো খবর না পেয়ে মফিজ উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। এরপর থেকে আমি চেষ্টা করছি আনোয়ারকে মৃত্যুর সংবাদটা দিতে। কিন্তু কেউই আমার কথা শুনছে না।"
শাহজাহান আরও বলেন, "আমরা এখনো জানিনা আনোয়ার বেঁচে আছে না মরে গেছে? বাড়ি থেকে বারবার তাগিদ দিচ্ছে। তারা লাশ নিয়ে দাফনের অপেক্ষায় স্বজনরা। অথচ ছেলের কাছে তার বাবার মৃত্যুর খবরটা পৌঁছাতে পারছি না।"
তিন বছরের মেয়ে নুশরাতকে সান্ত্বনা দিতে সিপাহী শরিফুলের স্ত্রী রুমানা শারমিন বাধ্য হয়েই এসেছেন পিলখানায়।
তিনি বলেন, "আজ ১০ দিন হয়ে গেছে মেয়েটা ওর আব্বুকে দেখে না। প্রতিদিন কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়ছে। অথচ ওকে বোঝাতে পারছি না। সকালে ওঠেই ও বলছিল, মা গেটের কাছে গেলেই আজ আব্বুকে দেখতে পাবো। চলো আব্বুর অফিসে যাই।
"কিন্তু ওর আব্বুর দেখা পায়নি।"
এভাবে অনেকে তাদের দুঃখ-দুর্দশার কথা বলতে উদগ্রিব। সাংবাদিক দেখলে ছুটে এসে জানাচ্ছেন তাদেও কথা। উৎকণ্ঠিত স্বজনের ভিড়ে হতাশার আবহ। কান্নার শব্দ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিপাহী মিরাজুল ইসলামের বাবা মোনজের আলী, একই জেলার সোহেল রানার বাবা নবাব আলী, বিডিআরের বাবুর্চি নড়াইলের গোলাম রসুলের ভাই আবু জাফর, ক্যান্টিনম্যান আল আমিন হাওলাদারের ভগ্নিপতি ইব্রাহিম, সিপাহী জহুরুল ইসলামের স্ত্রী মাকসুদা আখতারও জানালেন তাদের উৎকণ্ঠা আর অভিযোগের কথা।
তাদের অভিযোগ- গত ১০ দিন ভেতরে ঢুকানোর পর তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তারা।
মিরাজুলের বাবা মোনজের আলী বলেন, "আমরা জানতে পেরেছি যাদেরকে ভেতরে নেওয়া হয়েছে তাদের দু'বেলা সামান্য খিচুরী খেতে দেওয়া হচ্ছে। পানি খেতে দেওয়া হচ্ছে খুবই অল্প। অনেকের জন্ডিসও হয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৫৫৩ ঘ.
bdnews24