সাভার, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের যাদুরচর এলাকার একটি মুরগি খামারের বার্ড ফ্লু আক্রান্ত এক হাজার ২৫টি মুরগি নিধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা জেলা পশু সম্পদ কর্মকর্তারা ফজলুল করিম পোল্ট্রি ফার্ম-এ নিধন অভিযান চালান।
ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. শেখ সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদুরচর এলাকায় ফজলুল করিম মোল্লার 'ফজলুল করিম পোল্ট্রি ফার্মে' কয়েকদিন থেকে ঘন ঘন মুরগি মারা গেলে সোমবার সকালে নমুনা রাজধানীর সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব (সিডিআইএল)-এ পাঠায় পশুসম্পদ অফিস। বিকেলে সেখান থেকে জেলা পশু সম্পদ অফিসে জানানো হয়, মুরগিগুলো এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) আক্রান্ত।
সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাভারে এ বছর প্রথম এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ল।"
তিনি বলেন, মুরগীগুলোকে ঘাড় মটকিয়ে মারার পর বস্তায় ভরে আট ফুট গভীর গর্তে মাটি চাপা দেওয়া হয়। পরে সেখানে ওষুধ ও চুন ছিটানো হয়।
ক্ষতিগ্রস্ত খামার মালিককে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে মুরগি প্রতি ৯৫ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।
নিধন অভিযানে অংশ নেন জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. শেখ সাইদুর রহমান, সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদুল আলম, ভেটেরিনারি সার্জন ডা. ফজলে রাব্বী মণ্ডল, শহিদুল্লাহ কায়সার, সাভার থানার উপ-পরিদর্শক সুশংকর পাল প্রমুখ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ফজলুল করিম মোল্লা জানান, তার খামারের সব মুরগি নিধন করা হয়েছে। এ নিধন অভিযানের ফলে তার তিনলাখ টাকা লোকসান হয়েছে। এ খামারটিই ছিল তার একমাত্র সম্বল, যার আয় দিয়েই তার সংসার চলত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24