২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে ছাত্রলীগ সমর্থক দুদল ছাত্রের সংঘর্ষে আহত ৬

দরপত্র নিয়ে প্রভাব বিস্তারের জের ধরে সোমবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমর্থক দুদল ছাত্রের সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

নোয়াখালী, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দরপত্র নিয়ে প্রভাব বিস্তারের জের ধরে সোমবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমর্থক দুদল ছাত্রের সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নোবিপ্রবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য দরপত্র জমাদানের শেষ সময় ছিল সোমবার দুপুর দেড়টা পর্যন্ত। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দরপত্র জমা দেওয়ার জন্য সকালে ক্যাম্পসে যান। তাদের সঙ্গে নোয়াখালী ছাত্রলীগের কয়েকজন নেতাও ছিলেন। এ নিয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সমর্থক দুদল ছাত্রের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে মুহিত গ্র"পের ছাত্ররা সাবু গ্র"পের ছাত্রদের ওপর রড নিয়ে হামলা চালায়। এতে ছয়জন আহত হন। খবর পেয়ে হল প্রভোষ্ট জাবেদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই ছাত্রকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এরা হলেন- তানজিম চৌধুরী (২৩) ও আহম্মেদ আলী (২৪)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সন্ধ্যার পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে এ্যাপ্লায়েড কেমিষ্ট্রি বিভাগের ছাত্র আব্দুল মাজেদ ও গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, শহীদ সালাম হলের সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত ছাত্র মিকি ও সাহাব উদ্দীনের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। এ সময় এক ছাত্র দরপত্রের বিষয়টি উচ্চারণ করলে অন্যরা তাকে থামিয়ে দেয়। এক পর্যায়ে তারা আহত ছাত্রদের ছবি তুলতে বাধা দেয় সাংবাদিকদের। এ ব্যাপারে সাহাব উদ্দীন সাবু বলেন, তখন তিনি হলে ছিলেন। কারা কি কারণে ঘটনা ঘটিয়েছে কোন কিছুই তার জানা নেই। এ ব্যাপারে নোবিপ্রবির ভিসি ড. সঞ্জয় কুমার অধিকারি বলেন, দরপত্র নিয়ে জটিলতা সৃষ্টির আশংকায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। গভীর নলকূপ স্থাপন ও পানি সরবরাহের জন্য দরপত্র আহবান করা হলে ৩০টি সিডিউল বিক্রি হয়। সোমবার জমাদানের শেষ দিনে দুপুর দেড়টা পর্যন্ত ৪টি সিডিউল জমা পড়েছে। দুপুর আড়াইটায় দরপত্র খোলা হয়। ছাত্ররা কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কমিটি করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.