ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দারুস সালম সড়কে রোববার দুপুরে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে গুলি করে পৌনে আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাবতলী রোডে অবস্থিত এস এস ফিলিং ষ্টেশনের সহকারী হিসাবরক্ষক মেহেদী হাসান (২২) এবং কর্মচারি মুরাদ হোসেন একটি ব্যাগে করে সাত লাখ পঁচাত্তর হাজার টাকা জমা দেওয়ার জন্য রিকশায় রুপালী ব্যাংকে যাচ্ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তাদের রিকশাটি দারুস সালাম সড়কে ঢোকার পরপরই দু'টি মোটরসাইকেলে করে এসে ৬ ছিনতাইকারী রিকশার গতিরোধ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মেহেদী হাসান বাধা দিলে ছিনতাইকারীরা তার উরুতে গুলি করে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে মিরপুরের দিকে চলে যায়।
ছিনতাইয়ের এই ঘটনার সঙ্গে মুরাদ বা মেহেদী হাসানের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/টিআর/০২০৫ ঘ.
bdnews24