২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচে যাচ্ছে বেশিরভাগ, রাজধানীসহ শহরে শহরে বিদ্যুতের যাওয়া-আসা

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চলছে বিদ্যুৎ যাওয়া-আসার খেলা। চলতি বোরো মওসুমে সেচের জন্য বিদ্যুতের চাহিদা ২০০০ মেগাওয়াটের বেশি হলেও গড় উৎপাদন হচ্ছে প্রায় ৩৫০০ মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 07:33 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চলছে বিদ্যুৎ যাওয়া-আসার খেলা। চলতি বোরো মওসুমে সেচের জন্য বিদ্যুতের চাহিদা ২০০০ মেগাওয়াটের বেশি হলেও গড় উৎপাদন হচ্ছে প্রায় ৩৫০০ মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি থেকেই যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার পিক আওয়ারে সম্ভাব্য সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় ৩৬৮০ মেগাওয়াট। এদিন বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে কম সরবরাহ (লোডশেডিং) করা হয় ৬০৮ মেগাওয়াট। আগের দিন শনিবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয় ৩৪৬১ মেগাওয়াট। ব্যবস্থাপনার (লোডশেডিং) মাধ্যমে ৭০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ কম সরবরাহ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ৪৫৩ মেগাওয়াট এবং গ্যাস স্বল্পতার কারণে ৬২৯ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়, সেচের জন্য প্রতিদিন গড়ে ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। যে কোনোভাবে এ চাহিদা পূরণ করা হবে। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এবং সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেচ এলাকায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করার সুপারিশ করা হয়েছে। প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ করার পর অন্যান্য স্থানে পর্যায়ক্রমে বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে চাহিদা মেটানো হচ্ছে। জুলাই মাস নাগাদ জাতীয় গ্রিডে আরো ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে তিনি জানান। এর আগে দুপুরে মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, তত্ত্ববধায়ক সরকারের আমলে যেমন ছিল ঠিক তেমনিভাবেই আমরা বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেচের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে এ সমস্যার সমাধান সম্ভব না। তিনি আরো বলেন, এক, দুই কিংবা ছয় মাসের মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তিনি বলেন, "গত ৫/৭ বছর ধরে যেখানে বিদ্যুৎ উৎপাদিত হয়নি, সেখানে দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যে আমরা দেশের সব মানুষকে বিদ্যুৎ দিয়ে সন্তুষ্ট করতে পারব, এটা আশা করা ঠিক নয়। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআরএফ/টিআর/ডিডি/০১৩২ ঘ.