রংপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের পর থেকে পালিয়ে বেড়ানো আরো এক বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহাব উদ্দিন (২২) নামের এই জওয়ান রোববার রংপুর সেক্টর সদর দপ্তরে কাজে যোগ দিতে গেলে বিডিআর কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মোজাম্মেল হক নামের একজন বিডিআর জওয়ান ঠাকুরগাঁও সদর থানায় আত্মসমর্পণ করেন। পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহাব উদ্দিন রংপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে কর্মরত থাকা অবস্থায় ঢাকার পিলখানায় কুচকাওয়াজে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে বিদ্রোহের পর থেকে তিনি পালিয়েছিলেন ।
তিনি জানান, সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হাজির হতে না পারার যুক্তিসঙ্গত কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি। আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শাহাব উদ্দিনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উছড়া কান্দর গ্রামে। বাবার নাম রেজাউল করিম।
পুলিশ কর্মকর্তা জানান, তাকে গ্রেপ্তার করার বিষয়টি গোদাগাড়ী থানায় জানানো হয়েছে। তার অতীত কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24