ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে শনিবার এক সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
তার নাম ক্যাপ্টেন রাজীবুল হক হিমেল (২৮) বলে পুলিশ জানিয়েছে।
হোটেল কর্তৃপক্ষ বলছে, ৯০৩ নম্বর কক্ষ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ক্যাপ্টেন হিমেল ।
রাজধানীর রমনা জোনের উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোটেল কর্তৃপক্ষ বিকেল সোয়া পাঁচটার সময় ফোন করে রমনা থানায় জানায়, হোটেলের তিন তলায় লবির সামনে লনে একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, "এটি হত্যা না আত্মহত্যা আমরা খতিয়ে দেখছি।"
আতিকুল ইসলাম জানান, ক্যাপ্টেন রাজীবুল হক হিমেল নামের ওই সেনা কর্মকর্তা দিনাজপুরের পার্বতীপুরে ফলাহাটি সেনানিবাসের আর্মার্ড কোরে কর্মরত ছিলেন। বগুড়া সেনানিবাসে প্রশিক্ষণরত অবস্থায় তিনি একদিনের ছুটি নিয়ে ঢাকা আসেন।
তার বাড়ি বরিশালের উজিরপুরে। ঢাকায় তার বাবা-মা শান্তিনগরে থাকেন।
হোটেলের অভ্যর্থনা ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, হোটেল রেজিস্টার অনুযায়ী শনিবার দুপুর ১২ টায় ক্যাপ্টেন হিমেল 'হিমেল ইশতিয়াক আহম্মেদ, হালিশহর, চট্টগ্রাম'-এই ঠিকানায় রুম ভাড়া নেন ।
এদিকে ক্যাপ্টেন হিমেলের মামা অধ্যাপক শফিকুল হক একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।
তিনি বলেন, "নয় তলার উপর থেকে লাফ দিলে মাথা ভেঙ্গে মগজ বেরিয়ে যাওয়ার কথা। এছাড়া হোটেল কর্তৃপক্ষ পুলিশ আসার আগেই রক্ত ধুয়ে ফেলেছে।
"রুমে বিছানার চাদরে এবং বাথরুমের বেসিনে রক্ত লেগে রয়েছে। এ থেকে ধারণা করা যায়, হত্যার পর খুনি বাথরুমে যেয়ে হাত ধোয়। রুমে কাঁচের ভাঙ্গা গ্লাসও পড়ে আছে। তাকে রুমে হত্যার পর লাশ নিচে এনে রাখা হয়। এর সঙ্গে অবশ্যই হোটেল কর্তৃপক্ষ জড়িত রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/০১১০ঘ.
bdnews24