২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বস্তরে শ্রমজীবী নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সর্বস্তরে শ্রমজীবী নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। তাদেরকে সীমাবদ্ধ গণ্ডিতে আটকে রাখার মানসিকতা দূর করতে হবে। তাদেরকে অর্থনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে আসতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সর্বস্তরে শ্রমজীবী নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। তাদেরকে সীমাবদ্ধ গণ্ডিতে আটকে রাখার মানসিকতা দূর করতে হবে। তাদেরকে অর্থনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে আসতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 'নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জাতীয় নারী উন্নয়নের পূর্বশর্ত' শীর্ষক এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে ২৫ ফেব্রুয়ারি বিডিআরের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বিভিন্ন সেক্টরে দক্ষতার কথা তুলে ধরে বলেন, "বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো যেমন সেনাবাহিনী, বিডিআর, পুলিশ প্রতিটি সেক্টরে নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। "শোষণের বিভিন্ন স্তরে নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে সমাজ উন্নয়নের মাধ্যমে নারীদের শোষণের হাত থেকে রক্ষা করতে হবে। এ জন্য প্রয়োজন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ বাড়ানো।" সিপিবি'র কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য ও নারী নেত্রী সৈয়দা উম্মে হানি খানম বলেন, "নারীদের গৃহস্থালী কাজে আটকে রাখার মানসিকতা দূর করতে হবে। তাদেরকে অর্থনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডে এগিয়ে আনার জন্যে সম্মিলিত প্রয়াস চালাতে হবে।" সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুচিত্রা সরকার বলেন, "যারা মাঠে রাজনীতি করে তাদের বিভিন্ন সমস্যার ভেতর দিয়েই সমস্যাগুলোকে জয় করতে হয়। এ ব্যাপারে পরিবারে এবং সমাজে নারীদের প্রতি সহমর্মিতা এবং নারীবাদের চর্চা বাড়াতে হবে।" সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা বলেন, "২০০৮ সালে ঘোষিত নারী উন্নয়ন নীতিমালাকে আরো বিকশিত করতে হবে। এর আলোকে নারীর সামাজিক, অর্থনৈতিক, নীতি-নির্ধারণী ক্ষমতা নিশ্চিত করতে হবে।" ফতোয়াকে আইনগতভাবে নিষিদ্ধেরও দাবি জানান তিনি। সমাবেশে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিমা আক্তার অভিযোগ করেন শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আইনের দ্বারস্থ হলেও অনেক সময় বিচার পাওয়া যায় না। নারীদের সত্যিকার ক্ষমতায়ন করতে চাইলে সভা-সমাবেশে অঙ্গীকার না করে পদক্ষেপ গ্রহণ করে তা আন্তরিকভাবে বাস্তবায়ন করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লীনা চক্রবর্তী, সুচিত্রা সরকার, শাহিদা পারভীন শিখা, আকলিমা আক্তার ডলি প্রমুখ। বিডিনিউজ বিডিনিউজ ডটকম/জেএফ/এএল/এইচএ/২২০০ঘ.