২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজস্ব না বাড়িয়ে ব্যাংক ঋণে দেশ চলতে পারে না'

রাজস্ব আয় না বাড়িয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

গাইবান্ধা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজস্ব আয় না বাড়িয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, "বিদেশি ঋণের উপর নির্ভরশীল থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আত্মনির্ভরশীল দেশ গড়তে রাজস্ব আয় বাড়াতে হবে। এজন্য কর প্রদানে এগিয়ে আসতে হবে প্রতিটি সচেতন নাগরিককে।" শনিবার সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে স্ব প্রণোদিত করদানে উদ্বুদ্ধকরণ ও প্রাক বাজেট বিষয়ক এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান সবাইকে স্বেচ্ছায় কর দেওয়ার আহবান জানান। তিনি বলেন, "গত বছর গাইবান্ধার পাঁচজন শ্রেষ্ঠ করদাতা হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে।" গাইবান্ধায় নতুন ৮৫ জন করদাতা যারা স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। জেলা প্রশাসক আবু মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান সাবেক সাংসদ আব্দুর রশিদ সরকার, পৌর মেয়র আনোয়ার উল হাসান সবুর, রাজশাহী ভ্যাট কমিশনার লুৎফর রহমান, রংপুর কর অঞ্চলের কমিশনার বেলাল উদ্দিন, চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.