দিনাজপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া খনির অচলাবস্থা কেটে গেছে। টানা ১০ দিন বন্ধ থাকার পর শনিবার রাত ১১টার পালা থেকে কয়লা উত্তোলনের কাজ শুরুর কথা রয়েছে।
আগের দিন বৈঠক করে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ক্ষতিগ্রস্ত এলকাবাসীর দাবির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলে সংকটের অবসান হয়। তবে শুক্র ও শনিবারের মজুরি পাওয়ার নিশ্চয়তা চেয়ে বাংলাদেশি শ্রমিকরা বেঁকে বসলে সেদিন কাজ শুরু করা যায়নি।
শনিবার খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবির বিষয়টি সুরাহার আশ্বাস দিলে শ্রমিকরা রাত ১১টার পালা থেকে কাজে যোগ দিতে সম্মত হয়।
ক্ষতিপূরণের দাবিতে এলাকাবাসীর বাধার মুখে গত ২৫ ফেব্র"য়ারি খনিতে কয়লা উত্তোলন বন্ধ হয়ে গিয়েছিল। ওইদিন খনির ১১১৪ কোল ফেইসের কয়লা উত্তোলন শুরু করার জন্য খনি সংলগ্ন জিগাগাড়ি এলাকার দু'টি বোরহোল বন্ধের (সিল) কাজ করতে গেলে এলাকাবাসী বাধা দিয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম সংকট নিরসনে গত বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত খনি কর্তৃপক্ষকে সময় বেধে দিয়েছিল। এর মধ্যে কাজ শুরু করতে না পারলে তারা খনিতে কর্মরত বাংলাদেশি ও চীনা শ্রমিকদের বিদায় করে দেওয়ার ঘোষণা দিয়েছিল।
সে অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশি শ্রমিকদের সাপ্তাাহিক মজুরি পরিশোধ করে তাদের কাজে না আসতে বলে দেয়। তবে খনি কর্তৃপক্ষের অনুরোধে রোববার পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি হয়।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেল ৩টা থেকে খনি কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, "বৈঠকে প্রতিমন্ত্রী সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি নিয়ে আলোচনার আশ্বাস দেন। এতে এলাকাবাসী কাজে বাধা না দেওয়ার ঘোষণা দিলে সংকট কেটে যায়।"
শ্রমিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, "শুক্র ও শনিবার নিয়োগকারী প্রতিষ্ঠানের নির্দেশে আমরা কাজ করতে পারিনি। এ দু'দিনের মজুরি পরিশোধের বিষয়টি সুস্পষ্ট না করায় আমরা কাজে যোগ দিইনি।"
তিনি জানান, আজ (শনিবার) বিকেলে খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে যোগ দিতে বলে এবং আলোচনার মাধ্যমে মজুরির বিষয়টি সুরাহার আশ্বাস দেয়। রাত ১১ টার পালা থেকে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন বলেও তিনি জানান।
ক্ষতিগ্রস্ত আব্দুস সামাদ মাস্টার জানান, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা নয় দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে আছে- কোন অবস্থাতেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না, ক্ষতিগ্রস্ত জমির মালিকদের শতক প্রতি এক লাখ টাকা, সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা, যে গাছপালা নষ্ট হবে ৬০ বছরের হিসাব অনুযায়ী ক্ষতিপুরণ, ক্ষতিগ্রস্তদের চাকরি ব্যবস্থা করা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24