গাজীপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় শনিবার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ও সন্ত্রাসীদের সংঘর্ষে স্থানীয় এক মুদি দোকানি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪০ জন।
নিহতের নাম সাইফুল ইসলাম (২৮)। সকাল ১০টার দিকে শ্রমিকদের হামলায় আহত সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ওই এলাকার মাস্টারবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিকেলে আশপাশের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি তল্লশি করে প্যানডোরার শ্রমিকদের লাঠিপেটা ও মারধর করে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ শ্রীপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন চার শ্রমিক রুমানা, আজিজুর, আনিস ও সোহাগকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে পেনডোরা সোয়েটার্সের শ্রমিকদের সঙ্গে সন্ত্রাসীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোটা নিয়ে বেলা ১০টা থেকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শুরু করে। এতে মহাসড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১২ টার দিকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক, কারখানা প্রাঙ্গণ ও আশপাশের সড়ক থেকে হটিয়ে দেয়। এরপর যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।
আন্দোলনকারী শ্রমিক ও পুলিশ কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন যাবত পেনডোরা সোয়েটার্সে শ্রমিক অসন্তোষ চলছিল। গত ৬ ফেব্র"য়ারি কর্তৃপক্ষ নানা কারণ দেখিয়ে ১৩৭ জন শ্রমিক ছাঁটাই করলে সংকট ঘনীভূত হয় এবং কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।
২২ দিন বন্ধ থাকার পর ২৮ ফেব্র"য়ারি আবার কারখানা খুললেও সংকট অব্যাহত থাকে।
শনিবার সকাল ৯টার দিকে ছাটাইকৃত শ্রমিকরা তাদের বকেয়ার জন্য কারখানা ফটকে গেলে মালিকপক্ষের হয়ে স্থানীয় সন্ত্রাসীরা ও নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এসময় ভেতরে অন্যান্য শ্রমিকদের গত মাসের বকেয়া বেতন-ভাতা দেওয়া হচ্ছিল।
সন্ত্রাসীরা ছাটাইকৃত শ্রমিকদের ওপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়। কারখানার শ্রমিকরাও সংঘর্ষে যোগ দেয়।
এ অবস্থায় সকাল ১১টার দিকে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। কারখানায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে উপজেলার বেলতলি গ্রামের যুবলীগ নেতা কবির হোসেনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পেনডোরার শ্রমিক সোহাগ (২০), আনিস (৩২), আজিজুল (২৮), মাহমুদা (২২), রুমানা (২১), রিয়েল (২৪), মো. আলী (২৩), মাসুম (১৯), হামিদা (২৫), আলতাফকে (২৮) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের জানান, সহিংসতার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24