সিলেট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাস চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর জের ধরে শনিবার সকাল ৯টায় সিলেট সদর উপজেলার উত্তর সুরমা বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ৫০/৬০টি যানবাহন ভাঙচুর করে। সংঘর্ষে চলাকালে সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে দুপুর ৩টা যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি আটক করা হয়েছে। ছাত্র নিহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা (নম্বর ২২) হয়েছে।"
স্থানীয় টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, "সকাল ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কে কুমারগাঁও বাসস্ট্যান্ডের কাছে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস মো. আবু বকরকে (১২) বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে গেলে আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
আবু বকর শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসার ছাত্র ছিল। সে টুকেরবাজার ইউনিয়নের নাজিরেরগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ইউপি চেয়ারম্যান জানান, চালকরা প্রতিযোগিতা করে বাস চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন যানবাহনে হামলা চালায়। এসময় বাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বেধে যায়।
ইটপাটকেল নিক্ষেপের ফলে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অন্তত ৫০/৬০টি যানবাহন। তবে আহতদের কাউকে হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়নি।
দুপুর ৩টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, টুকের বাজার ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ, পাঠানটুলা মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কোতয়ালি থানা পুলিশ ও স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও এলকাবাসী বৈঠক করেন। বৈঠকে ১৮ ঘণ্টার মধ্যে বাসের চালককে গ্রেপ্তার করতে প্রশাসনকে সময়সীমা বেধে দেওয়া হয়।
একই দাবিতে দুপুরে পাঠানটুলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৪ ঘ.
bdnews24