২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু চলচ্চিত্র উৎসব শুরু

'মনের আনন্দে, জ্ঞানের সন্ধানে' শ্লোগান নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তৃতীয় আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

চট্টগ্রাম, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ডটকম)-'মনের আনন্দে, জ্ঞানের সন্ধানে' শ্লোগান নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে তৃতীয় আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে এক ঝাঁক শিশু-কিশোরের শ্রদ্ধা নিবেদন এবং হাতে হাত ধরে মৈত্রীর বন্ধন রচনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সহযোগী সংগঠন চিলড্রেন ফিল্ম সোসাইটি, শিশু শিক্ষা প্রতিষ্ঠান ফুলকি ও উন্নয়ন সংস্থা কোডেক যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। উৎসব চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। উদ্বোধনী বক্তব্যে মুশতারী শফী বলেন, সারা বিশ্বে যখনই কোনো যুদ্ধ কিংবা প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তখন তার প্রধান শিকার হয় শিশু ও তাদের মায়েরা। দারিদ্র্যের যাঁতাকলে শিশু শ্রমিকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। যখন ওদের খেলা করার কিংবা স্কুলে যাবার সময় তখন শিশুরা ব্যস্ত হয়ে পড়ছে কারখানায় যাওয়ার জন্য। তিনি বলেন, শিশুদের মেধার বিকাশ ঘটাতে এবং পাঠচক্রকে আনন্দঘন করতে শিশু চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কবি সাংবাদিক আবুল মোমেন বলেন, পিলখানার বিডিআর সদরদপ্তরে সাম্প্রতিক ঘটনায় সেনা কর্মকর্তা কিংবা বেসামরিক মানুষ নিহত হলেও তার মূল প্রভাব এসে পড়ছে ওইসব পরিবারের শিশু সন্তানদের ওপর, যারা এত ছোটবেলায় বা-বামা হারিয়েছে। শিশুদের মনোজগৎকে সমৃদ্ধ করতে চলচ্চিত্র কার্যকর ভূমিকা রাখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুসলিম হলে ইংল্যান্ডের 'ল্যাসি' ও ভারতের 'এক আকাশ' চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়। এছাড়া ফুলকি মিলনায়তনে 'গোপি গাইন বাঘা বাইন', 'ম্যাজিক ট্রি'সহ চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। তিনদিনের এই উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ২৩টি দেশের অন্তত ৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিডিনিউজ ২৪ডটকম/এমসি/এইচএ/২২৪০ঘ.