২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএ ও আইপিইউ-এ সদস্যপদ পুনর্বহালে সংসদে প্রস্তাব গ্রহণ

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যপদ পুনর্বহাল করতে সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ২৪ডটকম)- কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যপদ পুনর্বহাল করতে সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে অবিলম্বে এই প্রস্তাব পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ সময় জাতীয় সংসদ নির্বাচন না হওয়ায় এই দুই সংগঠন বাংলাদেশের সদস্যপদ স্থগিত করে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে জাতীয় সংসদের সদস্যপদ পুনর্বহালের জন্য সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের আগে প্রথম প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি উত্থাপন করে করে তিনি বলেন, ১৯৭৫ ও ১৯৮২ সালে জাতীয় সংসদের সদস্য পদ দু'দফা স্থগিত হয়। এবার ২০০৭ সালের মে মাসে সংসদের সদস্যপদ স্থগিত করা হয়। এই প্রস্তাবের ওপর আরো বক্তব্য রাখেন বিএনপি সাংসদ এম কে আনোয়ার, তোফায়েল আহমদ, বাণিজ্য মন্ত্রী ফারুক খান এবং আইন মন্ত্রী শফিক আহমেদ। এরপর হুইপ মোঃ মুজিবুল হক ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে সংসদের সদস্যপদ পুনর্বহালের জন্য আরেকটি পৃথক প্রস্তাব উত্থাপন করেন। এসময় মোঃ মুজিবুল হক বলেন, ২০০৭ সালের ১৮ এপ্রিল ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যপদ স্থগিত করা হয়। দ্বিতীয় এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন, আলী আশরাফ, আব্দুল মতিন খসরু, রাশেদ খান মেনন, জাফরুল ইসলাম চৌধুরী, আব্দুল জলিল এবং দীপু মণি। বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/কেআরসি/এইচএ/২১৪০ঘ.