২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর মামলায় সাতজন জেলহাজতে

বাগেরহাটে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় বিএনপি ও জামায়াতের সাত কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

বাগেরহাট, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - বাগেরহাটে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় বিএনপি ও জামায়াতের সাত কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহ্স্পতিবার বাগেরহাটের মূখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন চান। শুনানি শেষে গাজী আব্দুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ২০০৪ সালের ওই ঘটনায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী হাওলাদার এ বছর ১৫ ফেব্র"য়ারি আদালতে মামলাটি করেন। মামলায় গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাসারাত হালদারসহ ১২জনকে আসামি করা হয়েছে। জেলহাজতে পাঠানো সাত আসামির মধ্যে ছয়জনই বিএনপি কর্মী। এরা হলেন-আলতাফ হালদার (৪২), রশিদ শেখ (৩৫), আক্কেল শেখ (৫০), মোহম্মদ শেখ (৪৮), শাজাহান শেখ (৩৪) ও শহীদুল সরদার (৩২)। অপরজন হলেন- জামায়াত কর্মী বনি আমিন খান (৩৫)। এদের বাড়ি সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালের ২৮ অক্টোবর গোটাপাড়া ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বিএনপি সভাপতি বাসারাত হালদারের নেতৃত্বে আসামিরা ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমাণ্ড কার্যালয় ভাঙচুর এবং লুটপাট করে। তারা অন্তত ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদি ইউসুফ এজাহারে বলেন, ঘটনাটি তখন বাগেরহাট সদর থানাকে জানিয়ে কোন সুবিচার পাননি। এদিকে, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান বাসারাত হালদার মুক্তিযোদ্ধা কার্যালয় লুটপাটের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "মামলাটি রাজনৈতিক প্রতিহিংসামূলক।" বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৩ ঘ.