২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধীদের বিচার না হলে সরকার 'রাষ্ট্রদ্রোহী' হিসেবে চিহ্নিত হবে:খালেদা

বিডিআরের ঘটনায় অপরাধীদের বিচার না হলে ইতিহাসে সরকার 'রাষ্ট্রদ্রোহী' হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআরের ঘটনায় অপরাধীদের বিচার না হলে ইতিহাসে সরকার 'রাষ্ট্রদ্রোহী' হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। (আরো তথ্যসহ) বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তাসহ নিহতদের স্মরণে এক শোকর‌্যালির শুরুতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খালেদা জিয়া বলেন,''পিলখানার ঘটনায় অপরাধীদের ছাড় দেয়া যাবে না। এ ঘটনায় ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করতে হবে। সাধারণ ক্ষমা ঘোষণা করাটা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। '' বিকেল ৫টা ২৪ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে থেকে এই শোকর‌্যালি বের হয়। বিশাল শোকর‌্যালিতে নেতা-কর্মীদের হাতে ছিল কালো পতাকা এবং তারা কালো ব্যাজ ধারণ করেন। খালেদা জিয়া পাজারো জীপে চড়ে শোকর‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি কাকরাইলের নাইট এঙ্গেল রেঁস্তোরা, বিজয় নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সমানে এসে শেষ হয় বিকাল ৫টা ৫০ মিনিটে। রাস্তার দুই পাশে দাঁড়ানো অসংখ্য মানুষও শোক মিছিলে অংশ নেন। বিএনপি চেয়ারপার্সন বিডিআর বিদ্রোহ অবসানে সরকারের আলোচনার পথ অনুসরন করে 'সময়ক্ষেপনের' কঠোর সমালোচনা করে বলেন,'' দ্রুত উদ্ধার অভিযান চালানো গেলে অনেক সেনা কর্মকর্তাকে বাঁচানো যেতো বলে আমি মনে করি। আমাদের এরকম বিচক্ষণ ও দক্ষ সেনা কর্মকর্তাদের নিমর্মভাবে হত্যার ঘটনা দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র। দেশ আজ এক গভীর পরিস্থিতির সম্মুখীন।'' বিরোধী দলের নেতা এ 'ষড়যন্ত্রকারীদের' চিহ্নিত করে কঠোর শাস্তিও দাবি করেন। সেইসঙ্গে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ''প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হলে আরও অনেক রক্ত দিতে হবে।'' নিহত সেনা কর্মকর্তাদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। খালেদা জিয়া বর্তমান সংকট থেকে উত্তরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন,'' আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে আঘাত এসেছে, একতার মাধ্যমে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। "জাতীয়তাবাদী শক্তিকেও ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষকে এ মুহূর্তে ধর্য্য ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে আমাদের সশস্ত্র বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে হবে।'' তিনি বর্তমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করতে নিজের দলের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ''আমরা সব সময় সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকারের কাছ থেকে এখনো কোনো সাড়া আমরা পাইনি। "বরং সংসদে বিরোধী দলকে কটাক্ষ করে সরকারি দল বক্তব্য রাখছে। প্রধানমন্ত্রী সংসদের মতো পবিত্র স্থানেও এ ঘটনার বিষয়ে ভুল ও অসত্য তথ্য দিচ্ছেন।'' খালেদা জিয়া বলেন, ''পিলখানার ঘটনায় বাইরে থেকে কিলার এনে তাদেরকে বিডিআরের পোষাক পরিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। হত্যাকারীরা যাতে ধরা না পড়ে সেজন্য আলোচনার নামে সময়ক্ষেপণ করা হয়েছে।'' একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিডিআরের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ৪ অপরাধীকে বিমানের ফ্লাইট বিলম্বিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া সংক্রান্ত সংবাদের বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেন বিরোধী দলের নেতা। সরকারের দুই মাসের শাসনামলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন,'' দুই মাসে খুন-হত্যা বেড়েছে। নির্বাচনের আগে তারা যেসব প্রতিশ্র"তি দিয়েছিল, তার একটিও এখনো পূরণ করা হয়নি। শোকর‌্যালিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা, সাংসদ জয়নাল আবেদিন ফারুক, বরকতউল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দিন আলম, সেলিম রেজা হাবিব, খায়রুল কবীর খোকন, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহানা আখতার রানু, কেন্দ্রীয় নেতার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব,শাহজাহান সম্রাট, বাবুল আহমেদসহ দলের অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এইচএ/১৯১৭ঘ.