ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে পাঠানো হয়েছে।
অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বাবর হাইকোর্টে সাজার বিরুদ্ধে আপিল করে অসুস্থতার কারণে প্রথমে ৬ মাসের জামিন পান। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ৬ মাসের জামিন কমিয়ে ৩ মাস করেছিল আপিল বিভাগ। (আরো তথ্যসহ ২)
বুধবার বাবরের পক্ষে তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন হলে আপিল বিভাগ ওই তা খারিজ করে দেয়। ফলে বাবর বৃহস্পতিবার দুপুর তিনটায় অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে মহানগর হাকিম মো. মোয়াজ্জেম হোসেন তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বাবরকে জেলখানায় চিকিৎসা দেওয়ারও আদেশ দেন হাকিম।
বৃহস্পতিবার বাবর আকস্মিকভাবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন। তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন বলেন, তিনি হাঁপানিতে আক্রান্ত হয়ে ল্যাবএইচ হাসপাতালে ভর্তি ছিলেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই আটক হওয়ার পর নানাধরণের গুরুতর অসুস্থতা দেখিয়ে স্থানীয় হাসপাতালে এমনকি বিদেশেও গেছেন।
হাকিম মোয়াজ্জেম হোসেনের আদালতে বাবরের পক্ষে জামিন চান আডভোকেট রিপন। তিনি বলেন, বাবর যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন তাই জামিন পেতে পারেন।
এ সময় হাকিম বলেন মামলাটির সাজার বিরুদ্ধে হাইকোর্টে যেহেতু আপিল শুনানির অপেক্ষায় আছে সেহেতু জামিন দেওয়ার সুযোগ তার নেই।
এ সময় কোর্ট পরিদর্শক মো. মিরাজ উদ্দিন এবং উপ পরিদর্শক মাহমুদুর রহমান জামিনের বিরোধিতা করেন। পরে হাকিম বাবরের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘুষ নিয়ে হত্যা মামলার আসামীকে বাঁচানোর চেষ্টাসহ কয়েকটি মামলার আসামী বাবর অসুস্থ থাকায় তাকে আদালতে নির্ধারিত আসনে বসতে দেওয়া হয়। এ সময় বাবর দাবি করেন, সত্য ও কঠিন কথা বলার কারণেই তিনি জেল খাটছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ জুন বাবরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলা হয়।
একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালতে বিচারক বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। যৌথবাহিনী ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/পিবি/এসকে/১৮২০ঘ.
bdnews24