ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রয়াসে বর্তমান সংকট নিরসন হতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
বুধবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, "পিলখানার ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। বিরোধী দলীয় নেতা সরকারকে সহযোগিতার যে কথা বলেছেন তা প্রশংসনীয়। যুক্তরাষ্ট্র মনে করে সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রয়াস সংকট উত্তরণ হতে পারে।"
এর আগে সন্ধ্যা সাতটার দিকে রাষ্ট্রদূত মরিয়ার্টি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘন্টার বৈঠকে তারা দেশের বর্তমান পরিস্থিতি ও পিলখানা ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত পিলখানার মর্মান্তিক ঘটনায় বিরোধী দলের নেতাকে তার দেশের সমবেদনার কথা জানান।
এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি জানান, বিডিআর সদরদপ্তরের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেবে।
সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর জন ডেনি লুইসও এসময় ছিলেন।
বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন,'' যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেজন্য সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরত্ব আরোপ করেছেন। এক্ষেত্রে জাতীয় সংসদকে আগ্রাধিকার দেওয়ার কথাও বলেছেন তিনি।"
বিডিআর বিদ্রোহের ঘটনার পর এই প্রথম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করলেন মরিয়ার্টি ।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/পিসি/ এইচএ/২১৩৩ঘ.
bdnews24