ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)--২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কাজ পুরোদমে চলছে।
সংশ্লিষ্ট বাহিনীগুলোর তদন্তকারীরা মোবাইল ফোনের রেকর্ড, সিম কার্ড ও ডিউটি রোস্টারসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছেন।
সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান মঙ্গলবার বিকালে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
এ পর্যন্ত পাওয়া তথ্য থেকে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের কোনও আলামত বা ইঙ্গিত পাওয়া গেছে কিনা তা তদন্তের স্বার্থে এখনই বলা যাবে না বলে জানিয়েছেন তিনি।
বিডিআর সদর দপ্তরে উদ্ধার কার্যক্রমের বিবরণ তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ মুহূর্তে কোনও কিছু বলা সম্ভব না। আমি এমন কিছু বলতে চাইনা, বিভিন্ন দল তদন্ত করছে। .. সুতরাং এখন কিছু জানা থাকলেও বলা সম্ভব না।"
তিনি বলেন, "রক্তাক্ত আলামত থেকে শুরু করে মোবাইল ফোনের রেকর্ড, সিম কার্ডসহ অন্যান্য তথ্যাবলী যেমন ডিউটি রোস্টার, ঘটনার দিন কার কি দায়িত্ব থাকবে এর একটি রেকর্ড আমরা পেয়েছি।"
ব্রিগেডিয়ার জেনারেল জিয়া বলেন, নিরাপত্তা বাহিনীর সব সদস্যই তদন্ত দলকে সহায়তা দিচ্ছে।
বিডিআর সদর দপ্তরের অস্ত্রাগারের অস্ত্রের সংখ্যা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অস্ত্রের সংখ্যা জানার জন্য অপেক্ষা করতে হবে। প্রথম দিন থেকেই অস্ত্র পুলিশের হেফাজতে আছে জানিয়ে তিনি বলেন তদন্তের স্বার্থে এসব স্পর্শ করা বা সরানো যাবে না।"
বিভিন্ন জায়গা থেকে সোমবার পর্যন্ত ৪৭টি রাইফেল, ১৮টি পিস্তল, ৪৬টি এসএমজি, ১১টি এলএমজি, ৫০ হাজার গুলি ও ১৯৮ টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন জিয়া।
স্বেচ্ছায় কাজে যোগ দেওয়া বিডিআর সদস্যদের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি। ১০টি চিকিৎসকদল তাদের মেডিক্যাল টেস্ট করছে।
সেনা কর্মকর্তাটি আরো বলেন, হিসাব করার পর দেখা যাচ্ছে বর্তমানে পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনটি মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে আছে। ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে তারা নিখোঁজদের কেউ কিনা।
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/টিআর/এসকে/২১২৮ঘ.
bdnews24