মৌলভীবাজার, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষে দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বুধ ও বৃহস্পতিবার কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
সংঘর্ষে আহতদের বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের জড়িত থাকার অভিযোগে পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে বড়লেখা উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও বড়লেখা শাখা ইসলামী ব্যাংকের শিক্ষানবীস কর্মকর্তা আব্দুল জলিলসহ পাঁচ শিবির নেতাকে আটক করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আজাদ জানান, সোমবার কলেজ ক্যাম্পাসে গায়ে ধাক্কা লাগায় শিবির ও ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে ছাত্রলীগ কর্মী জাহিদ, জুয়েল, দেলোয়ার, আছাদ, সাইদুল ও জালাল এবং শিবিরের মুকিত, শাহ আলম, এমরান, সোহেল, আবু হাসান ও মিছবাহ আহত হন।
আটক অপর শিবির নেতারা হলেন- উপজেলা শিবিরের বর্তমান সভাপতি দেলওয়ার হোসেন (বহিরাগত), সেক্রেটারি ছাদ উদ্দিন (বহিরাগত), কলেজ শাখার সেক্রেটারি দিনার আহমদ ও সাবেক শিবির নেতা আব্দুলাহ্ আল মাহফুজ সুমন।
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে বড়লেখা থানার ওসি আজাদ সন্ধ্যায় বলেন, "এখনো কেউ মামলা করেনি। আটক শিবির নেতা ও ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ পাঁচ শিবির নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কাওসার হোসেন বলেন, "উদ্ভুত পরিস্থিতিতে দু'দিন পাঠদান কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24